প্রেমের অমোঘ টান নাকি স্বাধীনতার খোঁজ? সঙ্কোষ নদী পেরিয়ে ফের অসমের পথে বাঘিনি!

লোহার বেড়ার সিঁধ কেটে এনক্লোজার থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই পুরো উত্তরবঙ্গ জুড়ে এক চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ‘ডুয়ার্সের রানি’ খ্যাত রহস্যময়ী বাঘিনির বর্তমান গতিবিধি দেখে রাতের ঘুম উড়েছে বন দফতরের আধিকারিক ও বনবস্তির বাসিন্দাদের। সাম্প্রতিকতম আপডেট অনুযায়ী, খাঁচা ভেঙে পালানো বাঘিনিটি এখন অবস্থান করছে কুমারগ্রামের উত্তর দিকের পানবাড়ি এলাকায়। এনক্লোজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই এলাকাটিতে ঘন বনবস্তি রয়েছে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ আগেই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন যে বাঘিনি ফের অসমের দিকেই চলে যেতে পারে। সব কিছু ইঙ্গিত দিচ্ছে, সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে।
পানবাড়ি থেকে সঙ্কোষ নদীর দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। এই নদী পেরোলেই অসমের সীমান্ত এবং বিখ্যাত রায়মোনা জাতীয় উদ্যান। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে তথ্য উঠে এসেছে যে, এর আগেও ঠিক এই পথটি ধরেই বাঘিনিটি অসমের রায়মোনা জঙ্গলে পাড়ি দিয়েছিল। ফলে এবারও সে সঙ্কোষ পেরিয়ে অসম সীমানায় ঢুকে পড়তে পারে বলে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে যেমন স্যাটেলাইট ট্র্যাকিং ও বনকর্মীদের মাধ্যমে তার গতিবিধির ওপর নজরদারি দ্বিগুণ করা হয়েছে, অন্যদিকে সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা।
বাঘিনির গতিপথ ট্র্যাক করা এবং বাসিন্দাদের সুরক্ষিত রাখতে বন দফতর যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছে। এলাকায় ইতিময়ধ্যেই নামানো হয়েছে ৩টি বিশালাকার কুনকি হাতি। পাশাপাশি শতাধিক সশস্ত্র বনকর্মীকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে বন দফতরের সামনে তিনটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ—বাঘিনির সঠিক গতিপথ ট্র্যাক করা, স্থানীয় বনবস্তির হাজার হাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘাত ছাড়াই তাকে ডুয়ার্সের জঙ্গলে ফিরিয়ে আনা।
কিন্তু কেন বার বার খাঁচার সিঁধ কেটে এভাবে পালাচ্ছে এই বাঘিনি? বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এর নেপথ্যে থাকতে পারে সঙ্গীর আকুল খোঁজ বা ‘প্রেমের টান’। সাধারণত পুরুষ বাঘ নিজের এলাকা চিহ্নিত করতে গাছে ও জমিতে প্রস্রাব করে, যার মধ্যে ‘ফেরোমন’ নামের বিশেষ রাসায়নিক থাকে। এই রাসায়নিকের তীব্র গন্ধ বহু দূর থেকেও অন্য বাঘকে আকৃষ্ট করে। জানা গিয়েছে, অসমের রায়মোনা জঙ্গলে একাধিক শক্তিশালী পুরুষ বাঘের উপস্থিতি রয়েছে। তবে কি সেই পুরুষ বাঘের ফেরোমনের গন্ধ পেয়েই নদীর ওপারে ছুটে চলেছে এই বাঘিনি? বন দফতরের কর্তাদেরও এই প্রশ্ন ভাবিয়ে তুলেছে।
বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ এই বিষয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA-র নির্দেশিকা মেনেই যাবতীয় উদ্ধারকাজ চালানো হচ্ছে। বনমন্ত্রী বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে বাঘিনি কোনোভাবেই সঙ্কোষ নদী পেরিয়ে অসমে চলে না যায়। তবে তাকে কৃত্রিমভাবে খুব বেশি দিন আটকে রাখা সম্ভব নয়। বাঘিনি একটি নির্দিষ্ট রুটে এগোচ্ছে। তবে আশার কথা হলো, এবার তাকে নতুন করে কাবু বা উদ্ধার করার জন্য কোনো ঘুমপাড়ানি গুলি বা ট্র্যাঙ্কুলাইজার ব্যবহার করা হবে না।” ফলে ডুয়ার্সের জঙ্গল আর সঙ্কোষ নদীর মাঝের এই রোমাঞ্চকর লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর পুরো দেশের।