ঘরের ভেতরেও বিষ ঢুকে শ্বাসরোধ করছে? শিশু ও প্রবীণদের বাঁচাতে ডাক্তারদের জরুরি পরামর্শ না জানলেই বিপদ!

দীপাবলির উৎসবে দেদার বাজি পোড়ানোর প্রভাব সরাসরি এসে পড়েছে বাতাসে। উৎসবের আমেজ কাটতেই দেশের একাধিক অঞ্চলে আশঙ্কাজনকভাবে বেড়েছে বায়ুদূষণের মাত্রা। বাতাসের এই বিষাক্ত ধোঁয়াশায় ভেসে বেড়াচ্ছে অতিসূক্ষ্ম ক্ষতিকর উপাদান (PM2.5 ও PM10), যা স্বাসপ্রশ্বাসের মাধ্যমে সোজা শরীরে প্রবেশ করে ফুসফুস ও শ্বাসনালীকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে।
এর ফলে কাশি, গলায় অস্বস্তি ও জ্বালাভাব, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠা এমনকি হাঁপানি বা অ্যাজমার মতো ক্রনিক সমস্যা রাতারাতি বেড়ে যেতে পারে। বিশেষ করে যাঁরা আগে থেকেই হৃদরোগ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই বেশি। তবে এই বিষাক্ত বাতাসের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশু এবং প্রবীণরা।
শিশু ও বয়স্করাই কেন সবচেয়ে বেশি ঝুঁকিতে?
চিকিৎসকদের মতে, শিশুদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ও ফুসফুসের গঠন তখনও পুরোপুরি বিকশিত হয় না। অন্যদিকে, প্রবীণদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুসফুসের কর্মক্ষমতা কমে আসে এবং শরীরে প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হতে শুরু করে। ফলে বিষাক্ত বাতাস সবচেয়ে আগে এদের ওপরই মারাত্মক প্রভাব ফেলে। এই কঠিন পরিস্থিতিতে ঘরে বসে কীভাবে শিশু ও বয়স্কদের সুরক্ষা দেবেন, তা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
বিপজ্জনক AQI এবং বিশেষজ্ঞদের সতর্কবার্তা
দিল্লির মতো মেট্রো শহরগুলোতে দীপাবলির রাতে বায়ুদূষণের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। একাধিক রিপোর্ট অনুযায়ী, কিছু মনিটরিং স্টেশনে বায়ুর গুণমান সূচক বা AQI ১৭০০-র গণ্ডি পার করে ফেলেছিল! এই পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে সিকে বিড়লা হাসপাতালের পালমোনোলজি বিভাগের ডিরেক্টর ড. বিকাশ মিত্তল জানিয়েছেন, দূষণ কেবল ঘরের বাইরেই সীমাবদ্ধ থাকে না, তা খুব সহজেই অন্দরমহলেও ছড়িয়ে পড়ে।
ডাক্তার মিত্তল জানান, ঘরের ভেতরেও যদি ধোঁয়া, ধুলাবালি বা অস্বস্তি অনুভূত হয়, তবে বিশেষ করে শিশু, প্রবীণ এবং অ্যাজমা, সিওপিডি (COPD) কিংবা হার্টের রোগীদের একটি সুনির্দিষ্ট মাপের বা প্রপার ফিটিংযুক্ত N95 মাস্ক পরে থাকা উচিত।
ঘর সুরক্ষিত রাখতে কী কী করবেন?
১. দরজা-জানালা বন্ধ রাখুন: বাইরে বাতাসের অবস্থা খুব খারাপ থাকলে ঘরের সব দরজা ও জানালা ভালো করে বন্ধ করে দিন, যাতে বিষাক্ত ধোঁয়া ভেতরে ঢুকতে না পারে।
২. এয়ার পিউরিফায়ার ব্যবহার: সামর্থ্য থাকলে ঘরে HEPA ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার চালান।
৩. ধোঁয়া উৎপাদন বন্ধ করুন: ঘরের ভেতরে কোনোভাবেই ধূপধুনো, আগরবাতি বা এমন কিছু জ্বালাবেন না যা থেকে ধোঁয়া তৈরি হতে পারে।
৪. অন্দরের AQI-তে নজর: এয়ার পিউরিফায়ার না থাকলেও ঘরের ভেতরের পরিবেশের প্রতি সজাগ থাকুন।
৫. লক্ষণ দেখলেই ডাক্তার: যদি টানা কাশি, ছাতি চেপে আসা বা শ্বাস নিতে সামান্য কষ্টও অনুভব হয়, তবে বিষয়টিকে হালকাভাবে না নিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
চিকিৎসকদের মতে, মাস্ক পরা একটি সাময়িক সুরক্ষাকবচ হলেও, ঘরের ভেতরের বাতাস যতটা সম্ভব পরিষ্কার ও ধোঁয়ামুক্ত রাখাটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি।