“বুক স্টল সাজিয়ে কী লাভ? বাংলাদেশে চলে যান!” বামেদের চরম কটাক্ষ দিলীপ ঘোষের

রাজ্য রাজনীতিতে বুক স্টল ভাঙচুরের অভিযোগ ঘিরে যখন তুমুল বিতর্ক ও চাপানউতোর চলছে, ঠিক সেই আবহেই বামেদের তীব্র আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। নিজের চেনা মেজাজে স্পষ্ট কথা বলতে গিয়ে শুধু যে বামেদের বুক স্টল নিয়ে কটাক্ষ করেছেন তা-ই নয়, তাঁদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুলে বাংলাদেশকে গন্তব্য করার পরামর্শও দিয়েছেন তিনি। মুর্শিদাবাদে দাঁড়িয়ে দেওয়া পঞ্চায়েতমন্ত্রীর এই বিস্ফোরক বয়ান ঘিরে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।

শনিবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেন, বুক স্টল নিয়ে গোলমাল বামেরা নিজেরাই পাকাচ্ছেন, যাতে সংবাদমাধ্যমের লাইমলাইটে থাকা যায়।

“ওদের বই কেউ পড়ে না”
বামেদের নিশানা করে তিনি সোজা ব্যাটে কটাক্ষ ছুড়ে বলেন, “বামেদের বুক স্টলে সাধারণ মানুষ তো দূর, তথাকথিত বামপন্থীরা নিজেরাও নিজেদের বই পড়েন না। যে বুক স্টলে সাধারণ মানুষের বিন্দুমাত্র আগ্রহ নেই, সেটিকে বেকার মিউজিয়ামের মতো সাজিয়ে রেখে লাভ কী?”

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা টেনে এনে দিলীপ ঘোষ বলেন, “আমি দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে রাষ্ট্রীয় আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। সেই সময় আমরা যখন জাতীয়তাবাদী বুক স্টল তৈরি করতে যেতাম, তখন পদে পদে বাধার মুখে পড়তে হতো। স্টলের জন্য একটা বাঁশ পর্যন্ত পুঁততে দেওয়া হতো না। অথচ আজ সেই তারাই বুক স্টল ভাঙচুর নিয়ে সরব হচ্ছে, এটা বড়ই বিচিত্র!”

“বাংলাদেশে চলে যাক, আমরা মিউজিয়ামে রাখব না”
বামেদের অস্তিত্বহীনতার কথা তুলে ধরে আরও কড়া ভাষায় আক্রমণ শানান মন্ত্রী। তিনি বলেন, “কিছু অতি প্রগতিশীল হালকা রঙের লাল যাঁরা, তাঁরা এখন ওদের সাপোর্ট করছেন। ওদের প্রতি সাধারণ মানুষের আর কোনও মায়া-মমতা নেই। সারা দুনিয়ার মানুষ ওদের উপড়ে ফেলে দিয়েছে। আমরা কেন ওদের মিউজিয়ামে রেখে পোষব? যেখানে ওদের জায়গা আছে, বাংলাদেশে চলে যাক।”

পঞ্চায়েতমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্য রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে বাকযুদ্ধ। বাম নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না মিললেও, দিলীপের এই ‘বাংলাদেশ পরামর্শ’ ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *