ভরসন্ধ্যায় মৌলালিতে বিরাট অগ্নিকাণ্ড! তিনতলা বহুতলে বিধ্বংসী আগুন লাগতেই হুড়োহুড়ি, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন

শুক্রবার ভরসন্ধ্যায় কলকাতার বুকে ফের বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। মৌলালি এবং তালতলার মাঝে ১৩৩ লেনিন সরণির একটি তিনতলা আবাসিক বহুতলের দোতলায় হঠাৎই আগুন লেগে যায়। ছুটির দিনে এই ব্যস্ত এলাকায় আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া দেখতে পেতেই মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় তালতলা থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।

ঠিক কী জানা যাচ্ছে?

স্থানীয় ও দমকল সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ ওই আবাসিক ভবনের দোতলায় আচমকাই আগুনের শিখা নজরে আসে। ভবনটির নিচতলায় বেশ কিছু দোকান রয়েছে এবং ওপরের অংশগুলিতে আবাসিকরা বসবাস করেন। তবে জনবহুল ওই এলাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যে ভবনটিতে আগুন লেগেছে তার সামনের রাস্তা দিয়েই প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করায় সাময়িকভাবে যান চলাচল প্রভাবিত হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে একে একে দমকলের মোট চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, যে সময়ে আগুন লাগে, সেই মুহূর্তে সংশ্লিষ্ট ফ্ল্যাটে বা বহুতলের ভেতরে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এখনো পর্যন্ত দমকল বা পুলিশের তরফ থেকে কোনো হতাহতের খবর মেলেনি।

তবে ঠিক কী কারণে এই হঠাৎ অগ্নিকাণ্ড ঘটল—শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে, তা এখনও স্পষ্ট নয়। ভবনের ভেতরে কী ছিল এবং কীভাবে আগুন ছড়াল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন দমকল আধিকারিকরা। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *