মৃত্যুর আগে পুলিশকে কাঠগড়ায় তুললেন আদিবাসী নেত্রী! রাঁচির এই মর্মান্তিক ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আদিবাসী নেত্রী নিশা ভগতের রহস্যজনক মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃত্যুর ঠিক আগে সামাজিক মাধ্যমে লাইভ করে এবং শেষ পোস্টে তিনি সরাসরি ঝাড়খণ্ড পুলিশ ও জমি দালালদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিলেন, যা গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, ঘটনার দিন ফেসবুকে লাইভ করে নিশা ভগত জমি সংক্রান্ত ব্যবসা, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। এর পরেই তাঁর রহস্যজনক মৃত্যুর খবর সামনে আসে। খবর পেয়ে পিথোরিয়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে রাঁচির রিমস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শুরু করেছে।

সিবিআই তদন্তের জোরালো দাবি এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রিমস হাসপাতালে ভিড় জমান বিরোধীদলীয় নেতা বাবুলাল মারান্ডি, ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো সহ বিভিন্ন রাজনৈতিক দল ও আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। সকলেই এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বিশেষ করে বিরোধীদলীয় নেতা বাবুলাল মারান্ডি এই ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে অভিযোগ করেছেন যে, রাজ্যে জমি মাফিয়া ও দালালরা প্রতিনিয়ত সরকারি সুরক্ষা পাচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে পুরো ঘটনার সত্যতা সামনে আনতে সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *