পিএম কিষাণের টাকার সঙ্গে অ্যাকাউন্টে অতিরিক্ত ১০০০ টাকা! পূর্ব মেদিনীপুরের ৬ লক্ষাধিক কৃষকের মুখে চওড়া হাসি

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) প্রকল্পের উপভোক্তাদের জন্য রাজ্য সরকারের ঘোষিত অতিরিক্ত আর্থিক সহায়তার টাকা এবার সরাসরি পৌঁছে গেল পূর্ব মেদিনীপুর জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মোট ৬ লক্ষ ৮২ হাজার ৫৪১ জন কৃষককে এই প্রকল্পের আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পূর্বের ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় প্রকল্পের নির্ধারিত টাকার সঙ্গে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ১ হাজার টাকা করে দেওয়া শুরু হলো।
নিমতৌড়িতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা প্রদান
এদিন পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির জেলা প্রশাসন ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ২১ জন উপভোক্তার হাতে সরাসরি এই প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এদিনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তানিয়া পারভিন, জেলা কৃষি আধিকারিক সুকান্ত সাহারায়-সহ কৃষি দফতরের অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসন
শুধু আর্থিক অনুদান প্রদানই নয়, সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর বিশেষ উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এদিনের অনুষ্ঠান থেকেই বহু কৃষকের হাতে নতুন মরশুমের জন্য সর্ষে ও খেসারির উন্নতমানের বীজের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্ত চাষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁদের দ্রুত ক্ষতি পুষিয়ে ফের কৃষিাজে ফিরিয়ে আনতেই প্রশাসনের এই সুচিন্তিত পদক্ষেপ বলে জানা গিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথা রাখতেই চলতি দফায় পূর্ব মেদিনীপুরের বিপুল সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাড়তি আর্থিক সহায়তা পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি এই সাহায্যের ফলে জেলার হাজার হাজার চাষি চরম আর্থিক স্বস্তি পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।