গ্রেফতারির আগের আটককে সময়সীমার বাইরে রাখা চলবে না! শীর্ষ আদালতের বড় ধাক্কায় বিপাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

কাউকে আটক করার পর ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে দেরিতে সরকারিভাবে গ্রেফতার দেখানো এবং তারপর ২৪ ঘণ্টার নিয়ম দেখানোর চল এবার চিরতরে বন্ধ হতে চলেছে। গ্রেফতারি এবং আটক নিয়ে পুলিশের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এক যুগান্তকারী ও কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, এবার থেকে কোনো ব্যক্তিকে আটক করার সুনির্দিষ্ট মুহূর্ত থেকেই ২৪ ঘণ্টার সময়সীমা গণনা শুরু হবে। নির্দিষ্ট ওই সময়ের মধ্যে ধৃতকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করাতে হবে, অন্যথায় তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

বৃহস্পতিবার বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও বিচারপতি অতুল এস চান্দুরকারের বেঞ্চ একটি মামলার শুনানিতে এই তাৎপর্যপূর্ণ রায় দেয়। আদালতের পর্যবেক্ষণ, পুলিশ প্রায়শই কাউকে দীর্ঘক্ষণ আটক বা হেফাজতে রেখে নিজেদের সুবিধামতো সময়ে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায় এবং তারপর গ্রেফতারির সময় থেকে ২৪ ঘণ্টা হিসেব করে। এই প্রক্রিয়ায় লাগাম টেনে বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করার পর থেকে ২৪ ঘণ্টা শুরু হবে—এই ধারণা সংবিধানের ২২(২) নম্বর অনুচ্ছেদ এবং বিএনএসএস-এর ৫৬ নম্বর ধারার সম্পূর্ণ বিরোধী।

সংবিধানের ২২(২) অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে শীর্ষ আদালত আরও জানিয়েছে, গ্রেফতার এবং আটকের মধ্যে কোনো ধরনের কৃত্রিম বা আইনি ফাঁকফোকড় তৈরি করার সুযোগ নেই। গ্রেফতার-পূর্ববর্তী আটকের সময়কালকে হিসাবের বাইরে রাখার ফিকির কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কারণ তা সরাসরি সংবিধানের পরিপন্থী। এনডিপিএস (NDPS) মামলার শুনানির প্রেক্ষাপটে দেওয়া এই রায় দেশের পুলিশ প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলোর কার্যপদ্ধতিতে বিরাট বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *