ইনস্টাগ্রামে ভুড়ো ভিডিও পোস্ট করলেই সরাসরি এফআইআর! উৎসবের মরশুমে কড়া হুঁশিয়ারি দিল উত্তর রেল

উৎসবের মরশুম ও দীপাবলির আনন্দকে মাটি করতে এবং সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির অসাধু ব্যক্তি। ট্রেন ও রেল চত্বরের পুরনো বা সম্পূর্ণ অন্য ঘটনার ভুয়া ভিডিও বর্তমান সময়ের বলে সোশাল মিডিয়ায় ভাইরাল করার মতো গুরুতর অভিযোগে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল উত্তর রেল (Northern Railway)। সোশাল মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে ইতিমধ্যেই দুটি ইনস্টাগ্রাম হ্যান্ডলারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি উত্তর রেলের
উত্তর রেলওয়ে প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কিছু অসামাজিক উপাদান সচেতনভাবে সোশ্যাল মিডিয়ায় পুরোনো বা সম্পর্কহীন ভিডিও শেয়ার করে সাধারণ যাত্রীদের বিভ্রান্ত ও আতঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। রেলওয়ে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে, যাত্রীদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে তারা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক কার্যকলাপ বিন্দুমাত্র বরদাস্ত করা হবে না।
রেল প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। যাচাই না করে কোনো অসম্পূর্ণ, ভুয়া বা প্রতারণামূলক কনটেন্ট শেয়ার বা রি-পোস্ট করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ায় গুজব বা ভুয়া তথ্য ছড়াতে দেখা গেলে তথ্যপ্রযুক্তি আইন ও প্রচলিত বিধান অনুযায়ী আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।