পেনশন সোজা ২৫ হাজার থেকে ৮৭,৫০০ টাকা! অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা তুঙ্গে,

দেখতে দেখতে কেটে গেছে প্রায় এক বছর। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। কমিশনকে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাসের সময়সীমা দেওয়া হয়েছিল, সেই হিসেবে আগামী ২০২৭ সালের মে মাসের মধ্যেই এই রিপোর্ট জমা পড়ার কথা। বর্তমানে বিভিন্ন রাজ্যের কর্মচারী সংগঠনগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক চালাচ্ছে কমিশন। তবে বেতন ও পেনশনের কাঠামোগত পরিবর্তন নিয়ে ছবিটা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

এদিকে রিপোর্ট পেশের আগেই বিভিন্ন মহলে নানা জল্পনা ও সাহসী ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। বিশেষ করে পেনশনভোগীদের জন্য বড় সুখবর মিলতে পারে বলে জোরালো চর্চা চলছে। শোনা যাচ্ছে, কমিশনের সুপারিশ অনুমোদিত হলে অনেকেরই ২৫,০০০ টাকার পেনশন বেড়ে সোজা ৮৭,৫০০ টাকা পর্যন্ত হতে পারে!

রিপোর্টের আগে সরকারের স্পষ্ট বার্তা

বর্তমানে কর্মচারী ইউনিয়নগুলির সঙ্গে লাগাতার বৈঠক চালিয়ে যাচ্ছে অষ্টম বেতন কমিশনের টিম। গত অক্টোবর মাসে মুম্বই সফর করে এই প্রতিনিধিদল।

এর আগে গত ১০ আগস্ট লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, কমিশন এখনও তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেয়নি। এছাড়া বেতন বৃদ্ধির কার্যকর হওয়ার তারিখ বা ফিটমেন্ট ফ্যাক্টরের মাত্রা নিয়েও সরকার বা কমিশন থেকে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রিপোর্ট জমা পড়ার পরেই এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে সরকারি কোনও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই সংক্রান্ত খবরের সত্যতা যাচাইয়ে অর্থ মন্ত্রক এবং তথ্য ব্যুরোর (PIB)-র রিপোর্টের ওপরই ভরসা রাখা উচিত।

৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর এবং বেসিক বেতন নিয়ে চর্চা

কর্মচারী সংগঠন ও কমিশনের প্রাথমিক আলোচনা থেকে যে দাবিগুলি জোরালোভাবে উঠে আসছে, তার মধ্যে সবচেয়ে বড় দাবিটি হলো—ন্যূনতম ৬৯,০০০ টাকা বেসিক বেতন এবং ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর। যদিও অতীতে ২.৫৭, ২.৮৬, ৩.০ এবং ৩.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও নানা আলোচনা হয়েছে, তবে এর কোনোটিই এখনও সরকারিভাবে অনুমোদিত নয়।

ভাইরাল হওয়া বিভিন্ন দাবি অনুযায়ী, ২৫,০০০ টাকার বেসিক পেনশন বেড়ে ৮৭,৫০০ টাকা হওয়ার যে হিসেব কষা হচ্ছে, তার পেছনে রয়েছে ৩.৫ ফিটমেন্ট ফ্যাক্টরের একটি প্রস্তাবিত দাবি। তবে বিশেষজ্ঞদের মতে, বেতন বা পেনশন কতটা বাড়বে, তা সম্পূর্ণ নির্ভর করবে কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করার পর কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *