নিমিষেই কেঁদে উঠল পুরো গ্রাম! বাড়ি প্লাস্টারের কাদা মাটি আনাই কাল হলো, কিষাণগঞ্জে হৃদয়বিদারক কাণ্ড

উৎসবের আবহ ও ঘর সাজানোর প্রস্তুতির মাঝেই ঘনিয়ে এল এক চরম বিপর্যয়। মাটির ঢিবি ধসে পড়ে অকালে প্রাণ হারাল দুই বোন সহ মোট তিন নিষ্পাপ শিশু। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের কিষাণগঞ্জ জেলার দিঘলব্যাঙ্ক পঞ্চায়েতের অন্তর্গত সুলতানগঞ্জ গ্রামে। চোখের পলকে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো গ্রামজুড়ে এখন চরম শোকের ছায়ায় ছেয়ে গেছে।
মৃত ৩ শিশুর পরিচয় পাওয়া গেছে। তারা হলো ১০ বছরের নাগমা প্রবীণ, তার ৯ বছরের ছোট বোন নিশা প্রবীণ এবং তাদেরই প্রতিবেশী ৮ বছরের রুবি খাতুন।
কীভাবে ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেদের বাড়ি প্লাস্টার বা লেপাপোছা করার জন্য মাটি সংগ্রহ করতে গ্রামে গিয়েছিল এই তিন ছোট মেয়ে। গ্রামের একটি বড় মাটির ঢিবির নিচ থেকে যখন তারা গর্ত করে মাটি খুঁড়ছিল, ঠিক তখনই ঘটে বিপত্তি। আচমকাই ঢিবির এক বিশাল অংশ হুড়মুড় করে ধসে পড়ে তাদের গায়ের ওপর। দুর্ঘটনাটি এতটাই আকস্মিকভাবে ঘটেছিল যে বিন্দুমাত্র আত্মরক্ষার সুযোগ পায়নি ওই অবুঝ শিশুরা। নিমেষের মধ্যেই বিপুল পরিমাণ মাটির স্তূপের নিচে চাপা পড়ে যায় তারা।
উদ্ধারকাজ চালিয়েও শেষ রক্ষা হয়নি:
ঘটনাটি জানাজানি হতেই উদ্ধারকাজে ছুটে আসেন স্থানী গ্রামবাসীরা। পুলিশ বা প্রশাসনিক সহযোগিতার অপেক্ষা না করেই তারা বেলচা, কোদাল ও খালি হাতে মাটির স্তূপ সরাতে শুরু করেন।
বেশ কিছুক্ষণ হাড়ভাঙা খাটুনির পর কাদার নিচ থেকে তিনজনকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ! চিকিৎসকরা জানান, অতিরিক্ত মাটির ভারে শ্বাসরুদ্ধ হয়ে আগেই মৃত্যু হয়েছিল শিশু তিনটির। একসাথে তিনটি কচি প্রাণের এমন করুণ পরিণতি দেখে পরিবারের কান্না থামছেই না, শোকে বাকরুদ্ধ সম্পূর্ণ গ্রাম।