এক পরিবারের ৩ জন গরাদে! মাত্র ২০ মাসে টাকা ২ গুণ করার অবিশ্বাস্য ছক, ধৃতদের পরিচয় অবাক করবে

কম সময়ে বিপুল টাকা আয়ের চটকদার ফাঁদ! আর সেই ফাঁদে পা দিয়েই কোটি কোটি টাকা খোয়ালেন সাধারণ মানুষ। ২০ মাসে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা প্রতারণার এক বড়সড় চক্রের পর্দা ফাঁস করেছে দিল্লির অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)। এই ঘটনায় বিহারের পাটনা থেকে একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সত্যনন্দ যাদব (৫১), লেডি (৪৬) এবং বিকাশ যাদব (২৮)। তাঁরা পাটনার দিঘা এলাকার বাসিন্দা। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে ভুয়ো আর্থিক স্কিমের প্রলোভন দেখিয়ে প্রতারণার জাল ছড়িয়েছিল।

কীভাবে চলত জালিয়াতির খেলা?

তদন্তে জানা গেছে, মূল অভিযুক্ত সত্যনন্দ যাদব ‘সত্য ফিনান্সিয়াল কনসালটেন্সি সার্ভিসেস’ নামে একটি আর্থিক পরামর্শদাতা সংস্থা চালাতেন। সাধারণ মানুষকে টানতে তিনি অবিশ্বাস্য হারের সুদের টোপ দিতেন। তিনি দাবি করতেন, তাঁর সংস্থায় টাকা খাটালে বছরে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত সুদ মিলবে। শুধু তাই নয়, মাত্র ২০ মাসে আসল টাকা সম্পূর্ণ দ্বিগুণ হয়ে যাবে বলেও প্রতিশ্রতি দেওয়া হতো।

শুরুর দিকে বিশ্বাসের আবহ তৈরি করতে তিনি কিছু ছোটখাটো গ্রাহককে টাকা ফেরত দিলেও, পরবর্তীতে অধিকাংশের গচ্ছিত অর্থ আত্মসাৎ করে চম্পট দেন।

অভিযোগ দায়ের ও পুলিশের মেগা অ্যাকশন:

দিল্লির বাসিন্দা সুশীল কুমার শর্মা সহ একাধিক প্রতারিত ব্যক্তি জালিয়াতির বিষয়টি টের পেয়ে পুলিশের দ্বারস্থ হন। দিল্লির অর্থনৈতিক অপরাধ শাখা ঘটনার তদন্তে নেমে জালিয়াতির সত্যতা খুঁজে পায়। জানা গেছে, এ পর্যন্ত ওই চক্রের বিরুদ্ধে ২৭টি পৃথক লিখিত অভিযোগ জমা পড়েছে।

অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের একটি বিশেষ দল বিহারের পাটনায় অভিযান চালিয়ে একই পরিবারের এই তিন অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করে। প্রতারণা চক্রটিতে আর কারা জড়িয়ে রয়েছে এবং প্রতারণার টাকা কোথায় পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *