১ নভেম্বর থেকেই পকেটে বড় কোপ? বদলে যাচ্ছে জিএসটি থেকে এলপিজি ও মোবাইলের গুরুত্বপূর্ণ নিয়ম!

অক্টোবর শেষ হয়ে পহেলা নভেম্বর পা রাখতেই দেশজুড়ে চালু হতে চলেছে একাধিক নতুন সামাজিক ও আর্থিক নিয়ম। জিএসটি রিফান্ড, রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ট্রুকলার ছাড়াই মোবাইলে কলারের নাম ফুটে ওঠা কিংবা হাইওয়েতে যান চলাচল— ১ নভেম্বর থেকে বেশ কিছু ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। একনজরে দেখে নিন ১ নভেম্বর থেকে কোন কোন নতুন নিয়ম আপনার পকেট ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে:

১. মোবাইলে কলারের নাম দেখানো বাধ্যতামূলক (CNAP):
১ নভেম্বর থেকে মোবাইল ব্যবহারকারীদের জন্য আসছে এক যুগান্তকারী পরিবর্তন। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (CNAP) ব্যবস্থা চালু করতে বলা হয়েছে। এর ফলে অজানা কোনো নম্বর থেকে ফোন এলে কার নামে সিম কার্ড নিবন্ধিত রয়েছে, তা সরাসরি ফোনের স্ক্রিনেই ফুটে উঠবে। ফলে কলারের পরিচয় জানতে এখন আর আলাদা করে ‘ট্রুকলার’ (Truecaller)-এর মতো থার্ড-পার্টি অ্যাপের ওপর নির্ভর করতে হবে না।

২. এলপিজি সিলিন্ডার ও এটিএফ (ATF)-এর দামের পরিবর্তন:
প্রতি মাসের প্রথম দিনের মতো ১ নভেম্বরও তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করবে। গত অক্টোবর মাসে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বাড়ানো হলেও ১৪.২ কেজির ঘরোয়া গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। ১ নভেম্বর ঘরোয়া ও বাণিজ্যিক— দুই ধরনের সিলিন্ডারের দামেই নতুন রদবদল হতে পারে। পাশাপাশি বিমান জ্বালানি বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর নতুন দরও ১ তারিখে নির্ধারিত হবে, যা বিমান ভাড়ার ওপর প্রভাব ফেলতে পারে।

৩. জিএসটি রিফান্ডে স্বস্তি ও নতুন অটোমেটিক অ্যাপ্রুভাল:
ব্যবসায়ীদের জন্য দারুণ খবর! জিএসটি (GST) প্রক্রিয়া সহজ ও মসৃণ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। টেক্স রিফান্ডের দীর্ঘ প্রক্রিয়া ও বিলম্ব কমাতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে স্বয়ংক্রিয় বা ‘অটোমেটিক অ্যাপ্রুভাল’ ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে নথিপত্রের ঝক্কি অনেক কমে আসবে।
পাশাপাশি যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা বিক্রি করেন (B2C) এবং যাদের বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার কম, তাঁদের জন্য বিশেষ সরলীকৃত নতুন রিটার্ন ব্যবস্থা চালু হচ্ছে।

৪. মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে মালবাহী গাড়ির প্রবেশ নিষিদ্ধ:
১ নভেম্বর থেকে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের নতুন কানেক্টিং লিঙ্কে ভারী ও মাঝারি সমস্ত ধরনের মালবাহী যানবাহনের চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে মহারাষ্ট্র হাইওয়ে পুলিশ। শুধু তাই নয়, ছোট বাণিজ্যিক গাড়ি, পিকআপ ভ্যান এমনকি টাটা এস (Tata Ace)-এর মতো যানও এই রুটে চলতে পারবে না। তবে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী সাধারণ বাস এই নতুন লিঙ্কে স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে।

৫. মদ কিনতে ১,০০০ টাকার ওপরে ক্যাশ মানা! বাধ্যতামূলক ডিজিটাল পেমেন্ট:
রাজ্যের রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা আনতে তামিলনাড়ুতে মদ কেনার নিয়মে বড় বদল আনা হচ্ছে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (TASMAC) জানিয়েছে, ১ নভেম্বর থেকে ১,০০০ টাকার বেশি মূল্যের মদের বোতল কিনতে গেলে কোনো খুচরো দোকানে নগদ টাকা নেওয়া হবে না। ১,০০০ টাকার ওপরে যে কোনো কেনাকাটায় ইউপিআই (UPI), কার্ড বা ডিজিটাল পেমেন্ট করা বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *