“হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মুখ্যমন্ত্রীর ওপর নজর রাখছেন অভিষেক!” অর্জুন সিংয়ের বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য

তৃণমূল কংগ্রেসের অন্দরের সমীকরণ ও শীর্ষ নেতৃত্বের সম্পর্ক নিয়ে এক চরম বিস্ফোরক দাবি করে বসেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ভাড়া করা লোকজনের মাধ্যমে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! আর অর্জুনের এই দাবির পরেই নতুন করে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে।
ঠিক কী অভিযোগ করেছেন অর্জুন সিং? মিডিয়া সমক্ষে ব্যারাকপুরের পদ্ম শিবিরের দাপুটে নেতা অর্জুন সিং দাবি করেন, মুখ্যমন্ত্রীর সুরক্ষাবলয় ও তাঁর যাতায়াতের খবর প্রতি মুহূর্তে নজর রাখার জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। তাঁর কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক ভাড়া করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন, যার মাধ্যমে মুখ্যমন্ত্রীর গতিবিধি ও প্রতি মুহূর্তের মুভমেন্টের খবর রাখা হচ্ছে।”
অর্জুনের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়—তবে কি শাসকদলের অন্দরেই তৈরি হয়েছে আস্থার সংকট?
‘ভেসে থাকতে হবে, তাই মনগড়া গল্প!’ পাল্টা তোপ তৃণমূলের তবে বিজেপি নেতার এই অভিযোগকে বিন্দুমাত্র আমল দিতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস। অর্জুন সিংয়ের এই দাবিকে ভিত্তিহীন ও প্রচার পাওয়ার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে জোড়াফুল শিবির।
তৃণমূল নেতৃত্বের তরফে পালটা কটাক্ষ করে বলা হয়েছে, “রাজনীতিতে এখন অর্জুন সিংয়ের নিজের কোনো অস্তিত্ব নেই। লাইমলাইটে ভেসে থাকতে এবং শীর্ষ নেতৃত্বের কাছে নম্বর বাড়াতেই এমন মনগড়া ও ভিত্তিহীন গল্প ফাঁদছেন তিনি।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে কাদা ছোড়াছুড়ি চরমে পৌঁছেছে। এর মাঝেই অর্জুন সিংয়ের এই বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক যে আরও বেশ কিছু দিন চলবে, তা বলাই বাহুল্য।