করাচীর রাস্তায় হাতে রামায়ণের পোস্টার! বিশ্বজুড়ে দাপট দেখালেও কি পাকিস্তানে রিলিজ করবে রণবীরের সিনেমা?

বলিউড থেকে শুরু করে প্যান-ইন্ডিয়া, বিনোদন জগতে এখন একটাই আলোচনার নাম—‘রামায়ণ’। রণবীর কাপুর (Ranbir Kapoor), সাই পল্লবী এবং যশের বহু প্রতীক্ষিত এই মেগা বাজেট ছবিটিকে ঘিরে উন্মাদনা এখন আর কেবল ভারতের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; টেক্কা দিচ্ছে বিশ্বমঞ্চেও। সম্প্রতি পাকিস্তানের করাচীতে হিন্দু সম্প্রদায়ের মানুষকে এই ছবির বিশাল পোস্টার হাতে উল্লাস করতে দেখা গিয়েছে। আর এই দৃশ্য প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা—পাকিস্তানের সিনেমা হলে কি আদৌ দেখা যাবে এই মহাকাব্যিক সিনেমা?
বিশ্বজুড়ে ৫০,০০০ স্ক্রিনে রামায়ণের ঝড়
নীতেশ তিওয়ারি পরিচালিত এই বিগ বাজেট সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ১০০টিরও বেশি দেশে মুক্তি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রায় ৫০,০০০ স্ক্রিনে একযোগে দেখানো হবে ছবিটি। নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিও, আটবারের অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ডিএনইজি (DNEG) এবং দক্ষিণী সুপারস্টার যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস যৌথভাবে এই আকাশছোঁয়া প্রজেক্ট তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে ছবি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে সনি পিকচার্স এবং ভারতের বাজারে প্রদর্শনের ব্যাটন রয়েছে ধর্মা প্রোডাকশনসের হাতে। বিশ্বজুড়ে ভারতীয় সংস্কৃতি ও মহাকাব্যকে এক অভূতপূর্ব স্কেলে তুলে ধরাই এই ছবির মূল লক্ষ্য।
পাকিস্তানের রিলিজ নিয়ে কেন এই বড় সংশয়?
ছবিটির গ্লোবাল রিলিজের পরিধি বিশাল হলেও সব দেশে মুক্তির ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা। বিশেষ করে পাকিস্তানে ‘রামায়ণ’ দেখানো হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সুসংবাদ মেলেনি। ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর রিপোর্ট অনুয়ায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক ও সামরিক উত্তেজনার জেরে সেদেশে দীর্ঘ দিন ধরেই ভারতীয় সিনেমা প্রদর্শনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপিত রয়েছে।
এর পাশাপাশি চলতি বছরের অগস্ট মাসে ‘পাকিস্তান শোবিজ’-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দু’দেশের বিরাজমান সম্পর্কের কারণে ভারতীয় চলচ্চিত্রের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দেওয়া পুরোপুরি বন্ধ রেখেছে পাকিস্তান সরকার। ফলে সনি পিকচার্স গ্লোবাল ডিস্ট্রিবিউশনের দ্বায়িত্ব সামলালেও, প্রতিবেশী দেশে রামায়ণ রিলিজের কোনো স্পষ্ট সবুজ সংকেত এখনও পাওয়া যায়নি।
কবে প্রেক্ষাগৃহে আসছে এই মহাকাব্য?
সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ পার্ট ১’। এরপরের অধ্যায় অর্থাৎ ‘রামায়ণ পার্ট ২’ প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালের দীপাবলিতে। বিশ্বজুড়ে যখন এই বিগ বাজেট সিনেমাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, তখন সীমান্তের ওপারে দর্শকদের ভাগ্যে কী অপেক্ষা করছে তা সময়ই স্পষ্ট করবে।