“ডাবল ইঞ্জিন, ডাবল জিরো!” বারাণসীতে মুখ থুবড়ে পড়ল বিজেপি, ফল বেরোতেই মোদীকে খোঁচা অখিলেশের

উত্তরপ্রদেশ বিধান পরিষদ (MLC) নির্বাচনে বড়সড় রাজনৈতিক ওলটপালট! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বারাণসীতেই শাসকদল ভারতীয় জনতা পার্টিকে (BJP) কার্যত ধুলিসাৎ করে জোড়া আসনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (SP)। বারাণসীর শিক্ষক আসনের পর এবার বারাণসী স্নাতক আসনেও বিশাল ব্যবধানে বাজিমাত করল এসপি।
বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেখা যায়, বারাণসী গ্র্যাজুয়েট আসনে সমাজবাদী পার্টির প্রার্থী আশুতোষ সিনহা বিজেপি প্রার্থী কেদারনাথ সিংকে ১৮,৪৫৯টিরও বেশি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ২৩তম দফার ভোট গণনা শেষে আশুতোষ সিনহা পান ৫৩,৫৭৩টি ভোট, সেখানে বিজেপি প্রার্থীর ঝুলিতে যায় মাত্র ৩৫,১১৪টি ভোট। এই নিয়ে টানা দ্বিতীয়বার এমএলসি নির্বাচিত হলেন আশুতোষ। জয়ের পর আত্মবিশ্বাসী গলায় তিনি জানান, “এ তো কেবল ট্রেলার, গোটা উত্তরপ্রদেশ জয় করা এখনও বাকি!”
বারাণসীর জোড়া আসন শিক্ষক ও স্নাতকে এসপি-র এই বিপুল জয়ের পর বিজেপি ও যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় অখিলেশ যাদব কটাক্ষ ছুড়ে লেখেন— “ডাবল ইঞ্জিন, ডাবল জিরো!”
উত্তরপ্রদেশ এমএলসি নির্বাচনে বিজেপি মোট ৬টি আসন ধরে রাখতে পারলেও সমাজবাদী পার্টি এবার মোট ৫টি আসনে জয় লাভ করেছে, যা তাদের শক্তি আগের তুলনায় বহু গুণ বাড়িয়ে দিল। বিজেপি মিরাট, বেরেলি-মোরাদাবাদ, লখনউ, আগ্রা এবং গোরখপুর-ফৈজাবাদ আসনগুলি নিজেদের দখলে রাখলেও গোরখপুরে মাত্র ৩০৭ ভোটের সামান্য ব্যবধানে জিতেছে।
অন্যদিকে, বারাণসীর পাশাপাশি আগ্রা শিক্ষক আসন, এলাহাবাদ-ঝাঁসি স্নাতক আসন এবং লখনউ স্নাতক আসনেও জয়ঝাণ্ডা উড়িয়েছে সমাজবাদী পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যোগী আদিত্যনাথের দুর্গে সমাজবাদী পার্টির এই বিশাল ধাক্কা বিজেপি শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়াল।