. “রাজনৈতিক জীবন শেষ করতে চেয়েছিল!” ছেলে জেতার পর এবার সরাসরি বিজেপির শীর্ষ কমিটিতে ব্রিজ ভূষণ

নির্দোষ প্রমাণিত হওয়ার ৩ মাসেই বিজেপির বড় চমক! যোগী রাজ্যে দলীয় শীর্ষ কমিটিতে জায়গা পেলেন ব্রিজ ভূষণ সিং
মহিলা কুস্তিগীরদের দায়ের করা বহুল চর্চিত যৌন হেনস্থার মামলায় আদালত থেকে বেকসুর খালাস পাওয়ার ঠিক তিন মাসের মাথায় বিজেপি-র প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-কে বড়সড় দায়িত্ব দিল গেরুয়া শিবির। চার দশকের বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও এই প্রথমবার তাঁকে উত্তরপ্রদেশের দলীয় রাজ্য কার্যনির্বাহী কমিটিতে (State Executive Committee) অন্তর্ভুক্ত করা হলো।
২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের মাস্টারপ্ল্যান তৈরির জন্য আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকের আবহেই রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী এই নতুন কমিটি গঠন করেন। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে চলেছেন ব্রিজ ভূষণ।
৬ বারের সাংসদ, অথচ এই প্রথম দলের শীর্ষ কমিটিতে!
বিজেপির এক প্রবীণ নেতার মতে, ব্রিজ ভূষণ শরণ সিং ৬ বারের সাংসদ হওয়া সত্ত্বেও অতীতে জাতীয় বা রাজ্য স্তরে বিজেপির কোনো প্রাতিষ্ঠানিক পদ পাননি।
-
রাজনৈতিক ইতিহাস: ব্রিজ ভূষণ ৫ বার বিজেপির টিকিটে এবং ১ বার সমাজবাদী পার্টির (SP) প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। তাঁকে পূর্ব উত্তরপ্রদেশের অন্যতম প্রভাবাকালী রাজনীতিক বলে গণ্য করা হয়।
-
২০২৪ লোকসভা থেকে বাদ: যৌন হেনস্থার মারাত্মক অভিযোগের জেরে ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি তাঁকে টিকিট দেয়নি। পরিবর্তে কাইসারগঞ্জ আসনে তাঁর ছোট ছেলে করণ ভূষণ সিংকে দাঁড় করানো হয় এবং তিনি বিপুল ভোটে জয়ী হন।
বিজেপি সূত্রের দাবি, যেহেতু আদালত তাঁকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছে, তাই আইনি দিক থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। আগামী ২০২৯ সালের নির্বাচনে তিনি নিজে ফের টিকিট চাইতে পারেন অথবা দলের তারকা প্রচারক হিসেবেও অংশ নিতে পারেন।
“রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার”, তোপ বিজেপির; পাল্টা জবাবী নোটিশ আদালতের
ব্রিজ ভূষণের এই পদোন্নতি নিয়ে উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী স্পষ্ট জানান, “তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্র। গত ৩ আগস্ট দিল্লির আদালত তাঁকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।” একই সঙ্গে বিরোধী শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, সমাজবাদী পার্টি সাজাপ্রাপ্ত আজম খানকে সাধারণ সম্পাদক করেছে এবং কংগ্রেস দণ্ডিত লালু প্রসাদ যাদবের সাথে রাজনৈতিক মিত্রতা রক্ষা করছে, সেক্ষেত্রে ব্রিজ ভূষণ সম্পূর্ণ নির্দোষ।
তবে ঘটনা অন্যদিকেও মোড় নিয়েছে। গত ২৮ অক্টোবর দিল্লির একটি আদালত চারজন মহিলা কুস্তিগীরের করা আপিলের প্রেক্ষিতে ব্রিজ ভূষণকে এক সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ পাঠিয়েছে।
৭১২ সদস্যের বিশাল নতুন কমিটি: শীর্ষে মোদী-যোগী
২০২৭ সালের মহাযুদ্ধকে পাখির চোখ করে উত্তরপ্রদেশ বিজেপি তাদের রাজ্য কার্যনির্বাহী কমিটির ব্যাপক সম্প্রসারণ করেছে।
-
কমিটির আকার: আগের ১৮৪ জন সদস্যের জায়গায় নতুন কমিটিতে স্থান পেয়েছেন ৭১২ জন সদস্য।
-
আমন্ত্রিত সদস্য: ১৩৪ জন বিশেষ আমন্ত্রিত এবং ৩০ জন স্থায়ী আমন্ত্রিত সদস্য রয়েছেন।
-
হেভিওয়েট মুখ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বারাণসীর প্রতিনিধি হিসেবে), মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং প্রবীণ নেতা মুরলী মনোহর জোশী এই কমিটির প্রধান স্থায়ী সদস্য।
বারাণসী ও গোরক্ষপুর অঞ্চল থেকে সবচেয়ে বেশি প্রতিনিধি নিয়ে গঠিত এই নতুন মেগা কমিটি উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলল