নীল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা! শীতের আমেজে হাসছে জলপাইগুড়ি

পাহাড়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই! ঘরের জানালা খুললেই চোখের সামনে ভেসে উঠছে ঘুমন্ত বুদ্ধ। শীতের আগমনী বার্তার আগেই সাতসকালে জলপাইগুড়ির আকাশ থেকে এমন মন ভালো করা অপরূপ দৃশ্যের দেখা পেয়ে আপ্লুত আট থেকে আশি সকলেই।
বুধবার সকাল থেকেই একেবারে পরিষ্কার নীল আকাশ। আর সেই সুবাদেই জলপাইগুড়ি শহর ও তার সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই অত্যন্ত স্পষ্ট দেখা মিলল তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার। সকালের সোনালী রোদে ঝলমল করে উঠেছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া। দূর থেকে যেন অপরূপ ভঙ্গিমায় হাতছানি দিচ্ছে ‘ঘুমন্ত বুদ্ধ’। প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপ দেখে রীতিমতো মুগ্ধ জলপাইগুড়িবাসী।
কেউ কেউ ভোরে ঘুম থেকে উঠে বাড়ির ছাদে দাঁড়িয়ে, তো আবার কেউ ঘরের জানালা খুলেই উপভোগ করছেন কাঞ্চনজঙ্ঘার সেই মোহময়ী সৌন্দর্য। বাদ যাননি শৌখিন মানুষেরাও, অনেকেই তাঁদের মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখছেন প্রকৃতির এই দুর্লভ ও মন ভালো করা মুহূর্ত। সবমিলিয়ে সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন ঘিরে শহরজুড়ে এক আলাদা উৎসাহ চোখে পড়ার মতো।
শীতের আগমনি আবহে প্রকৃতির এমন আকস্মিক উপহার যেন জলপাইগুড়িবাসীর কাছে এক দারুণ প্রাপ্তি। পাহাড়ের কোলে ছুটি কাটানোর সুযোগ না থাকলেও, ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে সমতল থেকে পাহাড়ি সৌন্দর্যের আনন্দে মেতে উঠেছে গোটা শহর। ব্যস্তবহুল জীবনের মাঝেও সাতসকালের এই অপরূপ কাঞ্চনজঙ্ঘা দর্শন এক নিমিষে বদলে দিয়েছে শহরবাসীর মন।