কলকাতার জনপ্রিয় বিচারপতি পেলেন বড় দায়িত্ব! তেলেঙ্গানার প্রধান বিচারপতি হিসেবে কার নাম পাঠাল কলেজিয়াম?

আইনি মহলের দীর্ঘ জল্পনা এ বার সত্যি হতে চলেছে। কলকাতা হাইকোর্টের প্রবীণ বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সোমবার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পরই দেশের মোট চারটি হাই কোর্টে প্রধান বিচারপতি নিয়োগের এই নতুন তালিকা প্রকাশ্যে আসে।

কলেজিয়ামের প্রকাশিত সুপারিশ তালিকা অনুযায়ী, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, পটনা হাইকোর্টের বিচারপতি সুধীর সিংকে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি, গুজরাত হাইকোর্টে কর্মরত বিচারপতি মানস রঞ্জন পাঠককে গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি পি সাম কোশিকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

কেন তৈরি হয়েছিল এই জল্পনা?
আইনজীবী মহলে গত কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে বিচারপতি তপোব্রত চক্রবর্তী দেশের অন্য কোনো হাই কোর্টে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেতে চলেছেন। এর পেছনে কারণও ছিল যথেষ্ট। গত ১৯ জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সুজয় পাল অবসর গ্রহণের পর, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের ‘সিনিয়র মোস্ট’ বা সবচেয়ে প্রবীণ বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় আইন মন্ত্রক।

গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলান। এরপর গত ৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন রবীন্দ্র ভি ঘুগে। রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও আমলারা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সফলভাবে পালন করার পরই বিচারপতি তপোব্রত চক্রবর্তীর হাই কোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হওয়া নিয়ে জোর চর্চা শুরু হয় আইনি মহলে। অবশেষে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের এই সুপারিশের মধ্য দিয়ে সেই জল্পনাই বাস্তব রূপ পেতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *