মা লক্ষ্মীকে ঘরে পেতে কোন সময়ে পুজো করবেন? জানুন ২০২৬-এর সঠিক নির্ঘণ্ট!

রবিবার ঘরে ঘরে পূজিত হবেন ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী। শারদ পূর্ণিমায় অনুষ্ঠিত এই পুজো মূলত কোজাগরী লক্ষ্মীপুজো নামেই পরিচিত। বস্তুগত ধনসম্পত্তি থেকে শুরু করে অন্তরের শ্রী— সব কিছুরই অধিষ্ঠাত্রী দেবী। আশ্বিন মাসের এই শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বাংলার ঘরে ঘরে আলপনা, প্রদীপ প্রজ্বলন, লক্ষ্মীর পাঁচালি পাঠ এবং হরেক রকমের নৈবেদ্য সাজিয়ে পুজোর রকমারি প্রস্তুতি চলে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী, ‘কোজাগরী’ শব্দটির অর্থ হলো— ‘কে জেগে আছ?’ এই বিশেষ রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে বিচরণ করেন এবং ঘরে ঘরে গিয়ে ভক্তদের আশীর্বাদ করেন। তাই ঘরের দরজা খোলা রেখে দেবীর অপেক্ষায় জেগে থাকার প্রথা রয়েছে।
কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৬ কবে?
বর্ষ ২০২৬-এ কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হচ্ছে ২৫ অক্টোবর, রবিবার (৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)। বাঙালি হিন্দুদের কাছে শারদ পূর্ণিমার এই তিথির গুরুত্ব অপরিসীম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই রাতে লক্ষ্মীপুজো করলে সংসারে সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি ও সৌভাগ্য বজায় থাকে। পাশাপাশি কৃষিনির্ভর বাংলায় এই উৎসবের সঙ্গে নতুন ফসল, ধান ও শস্যের প্রাচুর্যেরও গভীর যোগ রয়েছে।
কোজাগরী লক্ষ্মীপুজোর সঠিক নির্ঘণ্ট ও লগ্ন
পঞ্জিকা ভেদে পুজোর সময়ের সামান্য তারতম্য থাকলেও, ভক্তদের সুবিধার্থে সঠিক সময় জেনে নেওয়া জরুরি:
-
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে: পূর্ণিমা শুরু হচ্ছে ২৫ অক্টোবর, রবিবার সকাল ১১:৫৫ মিনিটে এবং তা থাকবে ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯:৪১ মিনিট পর্যন্ত। অর্থাৎ ২৫ অক্টোবর সারা দিনই পূর্ণিমা থাকছে।
-
গুপ্ত প্রেস পঞ্জিকা মতে: পূর্ণিমা শুরু হচ্ছে ২৫ অক্টোবর সকাল ১০:৫৭ মিনিটে এবং তা থাকছে ২৬ অক্টোবর সকাল ৯:৪৭ মিনিট পর্যন্ত।
পুজোর শুভ সময় ও প্রদোষ কাল
কিংবদন্তি ও শাস্ত্রীয় বিধান অনুযায়ী, কোজাগরী লক্ষ্মীপুজো মূলত সন্ধ্যার পরেই শুরু হয়।
-
সন্ধ্যা বা প্রদোষ কালের পুজোর সময়: সায়ংকাল বা প্রদোষ কালের আদর্শ পুজো শুরু হচ্ছে রবিবার অপরাহ্ন ৫:৩১ মিনিট থেকে। উল্লেখ্য, ওই দিন সূর্যাস্ত হচ্ছে অপরাহ্ন ৫:০২ মিনিটে।
-
নিশীথ কাল (মধ্যরাতের পুজো): মধ্যরাতের পুজোর বিশেষ সময় শুরু রাত ১০:৫৬ মিনিট থেকে ১১:৪৬ মিনিট পর্যন্ত (অর্থাৎ ৫০ মিনিট)।
শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, সমস্ত দিক বিচার করে ২৫ তারিখ সন্ধ্যার পরই পুজো সেরে নেওয়া অত্যন্ত শুভ। তবেই দেবীর কৃপাদৃষ্টি ও আশীর্বাদ বজায় থাকবে আপনার সংসারে!