“রিয়া নির্দোষ, ও তো শুধু সাহায্য করতে চেয়েছিল!” সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুলে চরম চাঞ্চল্য ফেললেন স্মিতা জয়কর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ছ’বছর কেটে গেলেও আজও তাঁর প্রয়াণ ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা কাটেনি। আজও তাঁর অনুরাগীদের মনে ঘুরপাক খায় হাজারো প্রশ্ন। ঠিক কী কারণে এমন মর্মান্তিক পরিণতি হয়েছিল অভিনেতার? এবার এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর ও অজানা তথ্য ফাঁস করলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা আধ্যাত্মিক জগতের পরিচিত মুখ স্মিতা জয়কর।

হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুশান্ত?

অভিনয়ের পাশাপাশি আধ্যাত্মিক নিরাময়ের সঙ্গে যুক্ত থাকায় বলিউডের বহু তারকা তাঁর শরণাপন্ন হন। সুশান্তের সঙ্গে তাঁর যোগাযোগের স্মৃতি হাতড়ে স্মিতা জানান, অভিনেতা যখন হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তখন তিনি তাঁর আরোগ্যের জন্যই সেখানে ছুটে গিয়েছিলেন। স্মিতার কথায়, সেই সময় অবসাদের চিকিৎসা চলছিল সুশান্তের। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী নিজেই স্মিতাকে ডেকেছিলেন, কারণ রিয়ার সঙ্গে তাঁর আগেই পরিচয় ছিল।

হাসপাতালে গিয়ে সুশান্তের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করে স্মিতা বলেন, সেই সময় সুশান্তের ওষুধ চলছিল ঠিকই, কিন্তু তাঁর সঙ্গে সুশান্ত খুব ভালোভাবে ও হাসিমুখে কথা বলেছিলেন। এমনকী, স্মিতা তাঁকে নিজের আশ্রমে নিয়ে আসতে চেয়েছিলেন এবং সুশান্তও তাতে রাজি হয়েছিলেন। কিন্তু সে দিন রাতেই রিয়া তাঁকে মেসেজ করে জানান যে পরিস্থিতির ফের অবনতি হচ্ছে। আক্ষেপ প্রকাশ করে স্মিতা বলেন, “একবার যদি ও আমার কাছে আসত, একবার যদি সাহায্য করতে পারতাম… কেন এল না ও?”

রিয়া চক্রবর্তীকে নিয়ে বড় মন্তব্য

সুশান্তের মৃত্যুর পর সবচেয়ে বেশি আইনি ঝামেলা ও সামাজিক আক্রমণের শিকার হতে হয়েছিল রিয়া চক্রবর্তীকে। তবে রিয়ার পক্ষ নিয়ে স্মিতা স্পষ্ট জানিয়েছেন, রিয়া সম্পূর্ণ নির্দোষ এবং তিনি সবসময় সুশান্তের পাশে থাকতে চেয়েছিলেন, তাঁকে সাহায্য করতে চেয়েছিলেন। রিয়ার প্রশংসায় স্মিতা বলেন, “রিয়াই সেই জন, যে ওই সময় সুশান্তের পাশে ছিল। অথচ সেই মিষ্টি মেয়েটাকেই বিনা কারণে বিতর্কে টেনে আনা হয়েছিল।”

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। এই মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়, আইনি লড়াইয়ের মুখে পড়েন রিয়া ও তাঁর পরিবার। যদিও পরবর্তীতে সিবিআই তদন্ত শেষ করে ফাইল বন্ধ করে দেয় এবং তদন্তে রিয়া বা তাঁর পরিবারের বিরুদ্ধে কোনো অপরাধমূলক প্রমাণ না মেলায় সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করা হয়। তবে বর্ষীয়ান অভিনেত্রীর এই নতুন সাক্ষাৎকার যে সুশান্ত মামলাকে ফের নতুন করে চর্চায় নিয়ে এল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *