তৃণমূলের প্রাক্তনীরাই কি বিজেপির ভরসা? জল্পনার মাঝেই খাস কলকাতার মহারণ নিয়ে চরম হুংকার দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

কলকাতা পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ তুঙ্গে। বিশেষ করে বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূল শিবিরের কোনো মুখ বা প্রাক্তনী জায়গা পাবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র জল্পনা। এই গুঞ্জনের মাঝেই এক বিস্ফোরক মন্তব্যে সমস্ত জল্পনাকে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সুকান্ত মজুমদার।
শনিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী তালিকা নিয়ে মুখ খুলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন তিনি। কটাক্ষের সুরে সুকান্ত বলেন, “২০৯টি ওয়ার্ডের শুধু নয়। যিনি বলছেন তিনি যদি চান, আর আমরা যদি চাই ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়ের) বাড়ি থেকেও কাউকে আমরা প্রার্থী করে দিতে পারি। কিন্তু করব না।”
পাশাপাশি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে সুকান্ত আরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “বিজেপির কী আছে কী নেই সেটা ওদের চিন্তা করার দরকার নেই। আগে নিজেরটা সামলাক। নিজের ওয়ার্ডে প্রার্থী দিয়ে জেতানোর চেষ্টা করুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর নিজের ওয়ার্ডে আগে জিতুন, তার পরে না হয় অন্যগুলো চিন্তাভাবনা করবেন।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পুরভোটের দিন ঘোষণা না হলেও বিরোধীদের আক্রমণ শানাতে এখন থেকেই রণকৌশল তৈরি করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। তবে ভোটের আগে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে সুকান্তর এই ঝাঁঝালো মন্তব্য যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।