এক ফোঁটা টমেটোও নেই, অথচ তৈরি হচ্ছে লাল টকটকে সস! বড়সড় ভেজালের ভাণ্ডার ফাঁস হতেই হুলস্থূল

পাতে ফ্রেঞ্চ ফ্রাই হোক কিংবা চাউমিন—টমেটো কেচআপ ছাড়া যেন স্ন্যাক্স জাস্ট জমে না। কিন্তু আপনি যে কেচআপ খাচ্ছেন, তাতে আদৌ টমেটো রয়েছে তো? নাকি পুরোটাই বিষাক্ত কেমিক্যালের কারবার? এমনই এক ভয়ংকর জালিয়াতির ছবি সামনে এল আমেদাবাদে। টমেটো ছাড়াই রমরমিয়ে তৈরি হচ্ছিল কেচআপ। খবর পেয়ে সেই ভেজাল কারখানায় হানা দিয়ে এক ধাক্কায় ১০ হাজার কেজিরও বেশি ক্ষতিকর সস বাজেয়াপ্ত করেছে স্থানীয় প্রশাসন।
ঠিক কোথায় হানা দিয়েছিল প্রশাসন?
গুজরাটের আমেদাবাদের মেলডি এস্টেটে অবস্থিত ‘আই শ্রী খদিয়ার গৃহ উদ্যোগ’ নামক একটি কারখানায় সম্প্রতি আচমকা অভিযান চালায় পুরসভার স্বাস্থ্য দফতর। দীর্ঘদিন ধরেই ওই কারখানা থেকে বাজারে ভেজাল খাদ্যপণ্য সরবরাহ করার অভিযোগ উঠছিল। এরপর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়।
বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী বাজেয়াপ্ত
কারখানার অন্দরে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের। দেখা যায়, আসল টমেটোর বদলে অস্বাস্থ্যকর ও ক্ষতিকারক রাসায়নিক, কৃত্রিম রঙ এবং বিভিন্ন নিম্নমানের কাঁচামাল মিশিয়ে তৈরি করা হচ্ছে তথাকথিত ‘টমেটো সস’। স্বাস্থ্য দফতর এবং ফুড সেফটি টিমের যৌথ অভিযানে সেখান থেকে সন্দেহভাজন, ভেজাল খাদ্যপণ্য ও কাঁচামাল মিলিয়ে মোট ১০ হাজার ৬৩০ কেজি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
উৎসবের মরশুমে এই ধরনের ভেজাল খাবার কীভাবে বাজারে ছড়িয়ে পড়ার চক্রান্ত চলছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে কারখানার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।