অতিথি তালিকায় খোদ প্রধানমন্ত্রী থেকে দক্ষিণী সুপারস্টাররা! কবে গাঁটছড়া বাঁধছেন কাব্য ও অনিরুদ্ধ?

দক্ষিণী বিনোদন জগৎ এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি মহলে ফের একবার উষ্ণতার পারদ চড়ল। দীর্ঘদিনের প্রেমের জল্পনা সত্যি করে এবার কি তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারান? তাঁদের সম্ভাব্য বিবাহ ও রিসেপশন নিয়ে গুঞ্জন এখন তুঙ্গে।
কবে এবং কোথায় বসছে বিয়ের আসর?
বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কানাঘুষোয় শোনা যাচ্ছে, আগামী ১১ নভেম্বর গ্রিসের রোমান্টিক পরিবেশে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনিরুদ্ধ এবং কাব্য। এই বিবাহবাসরে কেবল তাঁদের একান্ত ঘনিষ্ট বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এরপর বিয়ের ঠিক ১১ দিন পর, অর্থাৎ ২১ নভেম্বর দেশের মাটিতে অনুষ্ঠিত হবে এক চোখ ধাঁধানো গ্র্যান্ড রিসেপশন। অনুষ্ঠানটি হবে চেন্নাইয়ে।
কারা থাকতে পারেন অতিথির তালিকায়?
চেন্নাইয়ের এই সংবর্ধনা অনুষ্ঠান যে তারকাখচিত হতে চলেছে, তা বলাই বাহুল্য। জল্পনা রয়েছে, এই রিসেপশনে উপস্থিত থাকবেন কমল হাসান, সুরিয়া, অ্যাটলি, রজনীকান্ত, ধনুশ এবং লোকেশ কনগরাজের মতো দক্ষিণ ভারতের তাবড় তারকারা। এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর গভর্নর এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকেও এই বিশেষ দিনে আমন্ত্রণ জানানো হতে পারে বলে শোনা যাচ্ছে।
কীভাবে ফের উসকে উঠল বিয়ের জল্পনা?
২০২৫ সাল থেকেই এই দুই তারকার প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, যখন তাঁদের একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। যদিও সেই সময় বিয়ের খবর সামনে আসতেই অনিরুদ্ধ তাঁর এক্স (X) হ্যান্ডেলে লিখেছিলেন, “বিয়ে? তোমরা সবাই একটু চিল করো।” তবে বছর ঘুরতেই সেই গুঞ্জন নতুন মাত্রা পায়। সম্প্রতি অনিরুদ্ধের এক আত্মীয়ের একটি মন্তব্য এবং ঠিক তারপরেই চেন্নাইয়ে এই তারকা জুটির একসঙ্গে সিনেমা দেখতে যাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে জোর জল্পনা শুরু হয়েছে—তবে কি সত্যিই খুব শীঘ্রই সানাই বাজতে চলেছে কাব্য ও অনিরুদ্ধের জীবনে?