টাকার অঙ্কে মাপা যায় না! আদিত্য ধরের ছবিতে অভিনয় প্রসঙ্গে যা বললেন ইয়ামি গৌতম

চলতি বছরের ভারতীয় বক্স অফিসে দারুণ আলোড়ন তুলেছে পরিচালক আদিত্য ধরের ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ছবির আকাশছোঁয়া সাফল্য এবং বিশ্বজুড়ে ১৮০০ কোটি টাকার বেশি ব্যবসার খবরের মাঝেই চর্চায় চলে এসেছেন খোদ পরিচালকের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবির একটি বিশেষ ক্যামিও চরিত্রে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল সবার।

তবে সবার মনেই প্রশ্ন ঘুরছিল, স্বামীর ছবিতে ক্যামিও করার জন্য কি বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন ইয়ামি? এই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজে।

নিজের আসন্ন ছবি ‘নয়ি নাভেলি’র প্রচারে গিয়ে জনপ্রিয় রিয়ালিটি শো ‘কোন হনার করোড়পতি’র সেটে হাজির হয়েছিলেন ইয়ামি। সেখানে আইকনিক হোস্ট মাধুরী দীক্ষিত তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রশ্ন করেন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে তোমার ক্যামিওটা দুর্দান্ত ছিল। বলো তো, এর জন্য কি পরিচালক স্বামী তোমাকে দারুণ একটা চেক দিয়েছিলেন, নাকি শুধুই ভালবাসার খাতিরে কাজ করেছ?

উত্তরে মুচকি হেসে ইয়ামি যা বললেন, তাতে মুগ্ধ হন দর্শকরা। তিনি জানান, কোথাও পড়েছিলেন যে এই ছোট ক্যামিওটার জন্য নাকি তিনি বিশাল বড় পারিশ্রমিক পেয়েছেন। তখন তাঁর মনে হয়েছিল এসব কী রটছে। তবে কিছু জিনিস টাকার অঙ্কে মাপা যায় না, এগুলো একদম অমূল্য। আদিত্য খুব মিষ্টি করে তাঁকে বলেছিলেন, তিনি চান ইয়ামি শুধু সৌভাগ্যের প্রতীক হয়ে ছবিতে আসুক এবং পুরো ফ্রেম জুড়ে ঝলমল করুক। তাই সেরা একজন পরিচালকের নির্দেশনায় কাজ করাটাই তাঁর কাছে ছিল সবচেয়ে বড় ফি।

এরপর মাধুরী দীক্ষিতও যোগ করেন যে, পর্দায় হঠাৎ যখন ইয়ামির চরিত্রটি অর্থাৎ পাকিস্তানে আন্ডারকভার নার্স হিসেবে কর্মরত ‘সাজিবা বানু’ ঘুরে তাকায় এবং দর্শক বুঝতে পারে ওটা ইয়ামি, সেই মুহূর্তটা দেখার মতো দারুণ এক অভিজ্ঞতা ছিল।

উল্লেখ্য, আদিত্য ধরের পরিচালনায় এবং রণবীর সিংয়ের নেতৃত্বে এই সিক্যুয়েল ছবিটির সাফল্যের খতিয়ান এককথায় অসামান্য। এটি ভারতের প্রথম ছবি যা ঘরোয়া বক্স অফিসে এক হাজার কোটি টাকার গণ্ডি পার করেছে এবং বিশ্বব্যাপী মোট কালেকশন আঠারোশো কোটি টাকা ছাড়িয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *