সেন্ট্রাল পার্কে যাওয়ার কথা ভাবছেন? বড় বিপদে পড়তে পারেন! কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো দিল্লির কনট প্লেস!

‘কোকরোজ জনতা পার্টি’ (CJP)-র প্রস্তাবিত তেরঙ্গা মার্চকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনৈতিক ও নিরাপত্তা মহল। কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকে সেখানে না যাওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ। কারণ, বর্তমানে ওই এলাকায় বিএনএসএস (BNSS)-এর ১৬৩ ধারা বলবৎ রয়েছে। এই পরিস্থিতিতে মার্চ বের করার পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে CJP প্রতিষ্ঠাতা অভিজিত দীপকের ওপর চাপ বাড়িয়েছে পুলিশ।
বাড়িতে গিয়ে নোটিশ ধরাল পুলিশ
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিজেপি নেতা অভিজিত দীপকের দিল্লির রানি ঝাঁসি রোডস্থিত বাসভবনে গিয়ে হাজির হন পুলিশকর্মীরা। ‘লহরা দো তিরঙ্গা’ মার্চ না করার নির্দেশিকা সম্বলিত নোটিশ দিতে তাঁর বাড়িতে ১৫ থেকে ২০ জন পুলিশকর্মী উপস্থিত হন।
পুলিশ আধিকারিকদের স্পষ্ট বক্তব্য, সেন্ট্রাল পার্ক ও তার সংলগ্ন এলাকায় বর্তমানে বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি থাকায় সেখানে কোনো ধরনের জমায়েত বা বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দেওয়া সম্ভব নয়। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে।