পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় যুক্ত হলো ৫ নতুন AIIMS, কাদের পোয়াবারো?

রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (West Bengal Health Scheme) আওতা আরও বাড়িয়ে এবার দেশের আরও পাঁচটি নামী এইমস (AIIMS)-কে এই তালিকার অন্তর্ভুক্ত করল অর্থ দফতর। এর ফলে কলকাতা থেকে দূরে থাকা উপভোক্তারাও আরও সহজে উন্নত চিকিৎসা পরিষেবা পান তা নিশ্চিত করা হয়েছে।

এতদিন শুধুমাত্র দিল্লির এইমস হাসপাতালটি রাজ্য স্বাস্থ্য প্রকল্পের অধীনে ছিল। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী, দিল্লির পাশাপাশি এবার তালিকায় যুক্ত হয়েছে কল্যাণী (পশ্চিমবঙ্গ), পাটনা (বিহার), গুয়াহাটি (অসম), ভুবনেশ্বর (ওড়িশা) এবং দেওঘরের (ঝাড়খণ্ড) এইমস। ফলে এখন থেকে মোট ছ’টি এইমস হাসপাতালে এই প্রকল্পের সুবিধা মিলবে।

সবচেয়ে বড় স্বস্তির বিষয় কী?

নতুন এই নির্দেশিকায় সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, এই হাসপাতালগুলিতে চিকিৎসা করানোর জন্য আর আগে থেকে কোনো আগাম বা পূর্বানুমতি (Prior Approval) নেওয়ার প্রয়োজন নেই। উপভোক্তারা প্রয়োজনমতো সংশ্লিষ্ট এইমসের বহির্বিভাগে (OPD) চিকিৎসক দেখানো, পরীক্ষা-নিরীক্ষা করা এবং অন্তর্বিভাগে (IPD) বা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে পারবেন।

চিকিৎসার খরচ ও নিয়মাবলী:

  • রিফান্ড বা খরচ ফেরতের নিয়ম: সংশ্লিষ্ট হাসপাতাল যে বিল নেবে এবং স্বাস্থ্য প্রকল্পের নিয়মে যে পরিমাণ টাকা ফেরত পাওয়ার কথা, তার মধ্যে যেটি কম সেটাই দেওয়া হবে। অন্যান্য শর্ত ও ঊর্ধ্বসীমা আগের মতোই বহাল থাকছে।

  • আউটডোর বা ওপিডি চিকিৎসা: ওপিডি-তে চিকিৎসার খরচ ফেরতের ক্ষেত্রে ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি এবং ২০২৬ সালের ৭ সেপ্টেম্বরের সংশোধিত তালিকা অনুযায়ী নির্দিষ্ট রোগ ও চিকিৎসার ক্ষেত্রেই টাকা পাওয়া যাবে। তালিকার বাইরে থাকা কোনো রোগের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না।

  • যাতায়াত খরচ: এই পাঁচটি প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য কোনো আলাদা সফর-ভাতা বা ট্রাভেল অ্যালাউন্স (TA) দেওয়া হবে না।

এককথায়, পূর্বানুমতির ঝঞ্ঝাট এড়িয়ে ভিন রাজ্যের এইমসগুলিতেও চিকিৎসা পাওয়ার এই সুযোগ রাজ্য সরকারি কর্মীদের চিকিৎসায় এক বিরাট স্বস্তি নিয়ে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *