‘হৃদয় জোড়া লাগাতেই তো…’ বিয়ের আসল কারণ ফাঁস করে নেটপাড়ায় ঝড় তুললেন মাধুরী দীক্ষিত!

নয়ের দশকে মাধুরী দীক্ষিতের রূপ ও নাচের জাদুতে বুঁদ ছিল গোটা দেশ। কেরিয়ারের ঠিক মধ্যগগনে পৌঁছে যখন তিনি আচমকাই আমেরিকার চিকিৎসক শ্রীরাম নেনে-র সঙ্গে গাঁটছড়া বাঁধলেন, তখন যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ অনুরাগীর হৃদয়। সম্প্রতি এক রিয়েলিটি শো-এর মঞ্চে সেই পুরোনো স্মৃতি উসকে দিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। আর তাঁর করা এক সোজাসাপ্টা প্রশ্নের উত্তরে মাধুরী যা বললেন, তা শুনে রীতিমতো অবাক সকলে।
সম্প্রতি একটি ক্যুইজ রিয়েলিটি শো-এর প্রিমিয়ার এপিসোডে হটসিটে বসেছিলেন সোনালি বেন্দ্রে। অনুষ্ঠানের সঞ্চালিকা মাধুরীর সঙ্গে কথা বলতে গিয়ে সোনালি স্মৃতির পাতা ওল্টান। তিনি বলেন, “তুমি যখন বিয়ে করলে, তখন অনেকেরই হৃদয় ভেঙে গিয়েছিল।”
সোনালির এই মন্তব্যে একটুও না ঘাবড়ে হাসিমুখে এক দুর্দান্ত জবাব দেন মাধুরী। রসিকতা করে তিনি বলেন, “আর সেই জন্যই তো আমি এমন একজনকে বিয়ে করেছি, যিনি হৃদয় জোড়া লাগাতে পারেন।” প্রসঙ্গত, মাধুরীর স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আর এই পেশাগত পরিচয়ের বিষয়টিকেই অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও রসাত্মকভাবে ফুটিয়ে তোলেন অভিনেত্রী।
১৯৯৯ সালে ডা. শ্রীরাম নেনে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দেশ ছেড়ে আমেরিকায় থিতু হন মাধুরী। কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তাঁর এই বিরতি অনুরাগীদের মনখারাপের কারণ হলেও, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সুখী। আমেরিকার পাঠ চুকিয়ে বর্তমানে স্বামী ও দুই পুত্র—অরিন এবং রায়ানকে নিয়ে ভারতেই স্থায়ীভাবে বসবাস করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।