পুজোর আনন্দ কি মাটি হবে বৃষ্টিতে? বিদায়বেলায় চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায়ের পর্ব শুরু হয়ে গেলেও মহালয়া ও প্রতিপদ থেকেই পুজোর আমেজে মেতে উঠেছে তিলোত্তমা সহ গোটা রাজ্য। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ। কিন্তু এই আনন্দের মাঝেই কি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস সেই নিয়েই নতুন জল্পনা উস্কে দিয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৪ অক্টোবর দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ুর অন্তিম রেশটুকু বাংলা মাটি থেকে পুরোপুরি বিদায় নেবে। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিলেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার কিছু অংশে এখনও তার সামান্য উপস্থিতি রয়েছে। তবে এর মাঝেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আপাতত আজ মঙ্গলবার দক্ষিণ বা উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। তবে আগামী বুধবার অর্থাৎ চতুর্থী থেকেই আবহাওয়ায় আংশিক বদল আসতে পারে।
-
দক্ষিণবঙ্গের আবহাওয়া: চতুর্থীর দিন অর্থাৎ বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও ঝাড়গ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর পঞ্চমী ও ষষ্ঠীতে উপকূলের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। তবে সপ্তমী থেকে বৃষ্টি কিছুটা কমে এলেও রবিবারেও কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্বস্তির বিষয় হলো, অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বড় ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
-
উত্তরবঙ্গের আবহাওয়া: আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে শুক্র, শনি ও রবিবার অর্থাৎ ১৬, ১৭ ও ১৮ অক্টোবর উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এখানেও অষ্টমীর পর থেকে বৃষ্টির আর কোনো আশঙ্কা নেই।
সব মিলিয়ে, পুজো শুরুর ঠিক আগে হালকা থেকে মাঝারি বৃষ্টির ভ্রূকুটি থাকলেও টানা বা ভারী বৃষ্টির কোনো বড় দুর্যোগের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। ফলে উৎসবের মেজাজে ভাটা পড়ার কোনো কারণ নেই বলেই মনে করা হচ্ছে।