নেহা বোরার টি-শার্টের ‘খুলি’তে লুকিয়ে কোন রহস্য? জেনেনিন নেপথ্যে আসল গল্প!

এআইএসএ (AISA)-র সভানেত্রী নেহা বোরা ফের শিরোনামে। তবে এবার কোনো রাজনৈতিক বক্তৃতা বা বিতর্কের কারণে নয়, বরং তাঁর পরনের একটি বিশেষ টি-শার্ট নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে চরম কৌতূহল। টি-শার্টে আঁকা একটি মাথার খুলি এবং তার নিচে লেখা ‘ওয়ান পিস’ (One Piece)। অনেকে ধরে নিচ্ছেন এটি শুধুই একটি জনপ্রিয় জাপানি অ্যানিমে ও মাঙ্গা সিরিজের পরিচিত লোগো। কিন্তু ইতিহাস ও বৈশ্বিক প্রেক্ষাপট বলছে, এই প্রতীকের গভীরতা এর চেয়ে অনেক বেশি।
জলদস্যুদের মূল নিশান থেকে ভয়ের বার্তা
ইতিহাস ঘাটলে দেখা যায়, খ্রিষ্টীয় সপ্তদশ শতকের শেষ ভাগে জলদস্যুরা সমুদ্রে আধিপত্য বিস্তার করতে খুলি ও হাড়ের চিহ্নযুক্ত পতাকা ব্যবহার করত। ১৭০০ সাল নাগাদ ইমানুয়েল উইন নামে এক বিখ্যাত জলদস্যুর পতাকায় এমন প্রতীক দেখা যেত। দূর সমুদ্রে প্রতিপক্ষের জাহাজকে ভয় দেখানো, আত্মসমর্পণে বাধ্য করা কিংবা প্রাণঘাতী আক্রমণের সসংকেত দিতেই মৃত্যুর এই প্রতীক বেছে নেওয়া হতো।
অ্যানিমে থেকে প্রতিবাদের সর্বজনীন ভাষা
১৯৯৭ সালে জাপানি মাঙ্গা শিল্পী ইইচিরো ওদা শুরু করেন বিশ্বখ্যাত মাঙ্গা সিরিজ ‘ওয়ান পিস’। গল্পের নায়ক মাঙ্কি ডি. লুফি এবং তার ‘স্ট্র হ্যাট পাইরেটস’ (Straw Hat Pirates)-এর মূল নিশান ছিল একটি খড়ের টুপি পরা খুলি। গল্পে লুফি ও তার দল শুধু গুপ্তধনই খোঁজে না, বরং অত্যাচারী শাসক ও স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে নির্যাতিতদের পাশে দাঁড়ায়। ফলস্বরূপ, বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের কাছে এটি স্বাধীনতা, প্রতিরোধ এবং ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নতুন এক প্রতীক হয়ে উঠেছে।
নেপাল থেকে ইন্দোনেশিয়া: রাজপথ কাঁপিয়েছে ‘ওয়ান পিস’
-
নেপালের আন্দোলন: নেপালে সমাজমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং সরকারের দুর্নীতিবিরোধী তরুণদের (Gen-Z) গণবিক্ষোভে ব্যাপকভাবে দেখা গিয়েছিল এই ‘স্ট্র হ্যাট’ ওয়ালা খুলির পতাকা। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পতনে বড় ভূমিকা রেখেছিল এই আন্দোলন।
-
ইন্দোনেশিয়ার রাজপথ: ২০২৫ সালে ইন্দোনেশিয়াতেও সরকারের বৈষম্যমূলক নীতি ও অতিরিক্ত পণ্য পরিবহণ আইনের বিরুদ্ধে ট্রাকার ও তরুণ আন্দোলনকারীরা বাড়ি, গাড়ি এবং বাইকে এই পতাকা লাগিয়ে রাজপথে নামেন।
নেহা বোরার টি-শার্টে কি বিশেষ রাজনৈতিক বার্তা?
দিল্লির সাম্প্রতিক বিক্ষোভে নেহা বোরার এই টি-শার্ট পরা কেবল ফ্যাশন নাকি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক প্রতিবাদের বার্তা, তা নিয়ে দ্বিমত রয়েছে। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে, আজকের দিনে ‘ওয়ান পিস’-এর এই প্রতীক কেবল বিনোদনের গণ্ডিতে আটকে নেই। বিশ্বজুড়ে তরুণদের অধিকার আদায় এবং শাসনব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর দৃশ্যমান ভাষা হিসেবে এটি এক নতুন স্থান করে নিয়েছে।