দিল্লির রাজপথে এবার রণক্ষেত্র! রাহুল-প্রিয়াঙ্কাদের সঙ্গে নেহা, সুপ্রিম কোর্টের দরজায় ‘ইন্ডি’ জোট পৌঁছতেই চরম সংঘাত

মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ইন্ডি’ (INDIA) জোটের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দেশের রাজধানী। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দিল্লির বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্টের উদ্দেশে এক মেগা প্রতিবাদ মিছিলে পা মেলালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, অখিলেশ যাদব এবং তেজস্বী যাদবসহ বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্ব। মিছিলে তাঁদের পাশে দেখা যায় আইসা (AISA) নেত্রী নেহা বোরাকেও।

কর্মসূচির শুরুতে বিরোধীরা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে জমায়েত হন। এরপর বাসে করে শীর্ষ আদালতের উদ্দেশে রওনা দেন বিরোধী শিবিরের নেতা-কর্মীরা। বারাখাম্বা রোডে পৌঁছে বাস থেকে নেমে রাহুল গান্ধীর নেতৃত্বে পায়ে হেঁটে সুপ্রিম কোর্টের দিকে এগোতে থাকেন তাঁরা। জানা গিয়েছে, প্রধান বিচারপতির পরামর্শ মেনে এদিনই নির্বাচন কমিশনের ভূমিকা ও তথাকথিত ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিক পিটিশনও দাখিল করেছে বিরোধীরা।

এর আগে শনিবার রাজধানীতে এই আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চলে। পুলিশি হস্তক্ষেপে যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচি কার্যত আটকে দেওয়া হয়েছিল এবং বিমানবন্দর ও শহরের বিভিন্ন প্রান্ত থেকে আটক করা হয়েছিল একাধিক শীর্ষ নেতা ও বিক্ষোভকারীকে। তবে যাবতীয় পুলিশি ব্যারিকেড ও নিষেধাজ্ঞা সত্ত্বেও সোমবার ফের দিল্লির রাজপথে শক্তি প্রদর্শন করল বিরোধীরা।

অন্যদিকে, এই কর্মসূচিকে চরম কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও শীর্ষ আদালতকে কালিমালিপ্ত করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে বিরোধী জোট। জনসমর্থন হারিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই ধরনের নাটকের আশ্রয় নেওয়া হচ্ছে বলে পাল্টা আক্রমণ শানিয়েছে শাসকদল।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *