দিল্লির যন্তর মন্তরে আর ধর্না-বিক্ষোভ করা যাবে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বড় সিদ্ধান্ত

দেশের রাজনৈতিক আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু দিল্লির যন্তর মন্তরে আর দেওয়া যাবে না কোনো ধরনের ধরণা বা বিক্ষোভ প্রদর্শন। সোমবার এক নোটিফিকেশন জারি করে বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। যন্তর মন্তরকে বিক্ষোভের তালিকা থেকে বাদ দিয়ে প্রতিবাদ সভা ও ধরণার জন্য বিকল্প তিনটি নতুন জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিকল্প ৩টি নতুন এলাকা: ১১ অক্টোবরের তারিখ দিয়ে জারি করা ওই সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এবার থেকে রাজনৈতিক কিংবা সামাজিক যেকোনো ধরনের প্রতিবাদ কর্মসূচির জন্য নির্ধারিত জায়গা হলো:
-
রামলীলা ময়দান
-
বুরারি গ্রাউন্ড
-
পূর্ব দিল্লির সিবিডি (CBD) গ্রাউন্ড
এই তিনটি স্থান ব্যতিরেকে অন্য কোথাও আর জমায়েত বা ধরণা দেওয়া যাবে না।
পুলিশ কমিশনারের বিশেষ নির্দেশিকা: দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার স্বাক্ষরিত এই নতুন আদেশে ২০২২ সালের ২৮ এপ্রিলের পুরনো নির্দেশিকাটিকে সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ওই নির্দেশে যন্তর মন্তরকে ধরণা ও বিক্ষোভের জন্য নির্দিষ্ট জায়গা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
তবে নতুন নির্ধারিত তিনটি বিকল্প স্থানে ঠিক কীভাবে বিক্ষোভ প্রদর্শন বা ধরণা দেওয়া যাবে এবং এর জন্য কী কী আইনি নিয়মকানুন মেনে চলতে হবে, সেই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন খুব শীঘ্রই দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দিল্লির রাজনৈতিক আন্দোলনের চিত্রে যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে, তা বলাই বাহুল্য।