‘সব কুকুরদের কাছে ক্ষমা চাইছি!’ বিগ বসের ঘরে দাদা সৌরভের ধমক খেয়ে যা করলেন দুর্নিবার

‘বিগ বস’ বাংলার মঞ্চে শুরু থেকেই একেবারে অন্য মেজাজে নজর কাড়ছেন জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহা। প্রথম দিকে অনেকে মনে করেছিলেন তিনি হয়তো প্রতিযোগিতায় বেশিদূর টিকতে পারবেন না, তবে সমস্ত জল্পনা ও নিন্দুকদের মুখে ছাই দিয়ে প্রায় ৫০ দিনেরও বেশি সময় ধরে ঘরের অন্দরে নিজের জমি শক্ত করে রেখেছেন তিনি। তাঁর চমৎকার গেম স্ট্র্যাটেজি, টাস্কে নিখাদ পরিশ্রম এবং স্পষ্টবক্তা স্বভাবের জন্য তিনি প্রতিনিয়ত চর্চায় রয়েছেন। তবে সম্প্রতি হাউসমেটদের উদ্দেশ্য করে করা একটি মন্তব্যের জেরে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

ঠিক কী ঘটেছিল বিগ বস হাউসে? গত সপ্তাহে বিগ বস ঘরে অনুষ্ঠিত হয়েছিল মিড উইক এভিকশন। যেখানে দর্শকদের ভোটের পরিবর্তে প্রতিযোগীদের পারস্পরিক ভোটে ঝিলম ও দীপেন্দুর মধ্যে একজনকে বিদায় নিতে হয়। অধিকাংশ সদস্য ঝিলমের পক্ষে ভোট দেওয়ায় দীপেন্দুকে মাত্র ৩টি ভোট পেয়ে শো ছাড়তে হয়। সহকর্মীর এমন আকস্মিক প্রস্থান কোনোভাবেই মেনে নিতে পারেননি দুর্নিবার। দীপেন্দু যখন ঘর ছাড়ছিলেন, তখন দুর্নিবারের চেহারায় ক্ষোভ ও হতাশা স্পষ্ট ফুটে উঠেছিল। সকলে যখন দীপেন্দুকে এগিয়ে দিতে যাচ্ছিলেন, তখন এক কোণে দাঁড়িয়ে তিনি ক্ষিপ্ত হয়ে মন্তব্য করে বসেন, “বের করে দেওয়ার জন্য সবকটা এগিয়ে দাঁড়িয়ে আছে, কুকুর।” মুহূর্তের মধ্যে তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

সৌরভের ধমক ও দুর্নিবারের অভিনব ক্ষমা প্রার্থনা: শনিবার ‘দাদার দরবারে’ এই বিতর্কিত মন্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা চান স্বয়ং সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ধরনের আচরণ যে একেবারেই অনভিপ্রেত, তা অত্যন্ত কড়া ভাষায় প্রতিযোগীকে বুঝিয়ে দেন তিনি। দাদার এমন ধমক খাওয়ার পর সকলের মনে হয়েছিল, দুর্নিবার হয়তো সাধারণ নিয়মেই বাকিদের কাছে ক্ষমা চেয়ে নেবেন।

কিন্তু আর পাঁচজন সাধারণ প্রতিযোগীর চেয়ে তিনি যে কিছুটা আলাদা, তা ফের প্রমাণ করলেন দুর্নিবার। ক্যামেরার সামনে সোজাসুজি এসে চারপেয়ে প্রাণীদের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে তিনি বলেন, “আমি সমস্ত কুকুরদের কাছে ক্ষমা চাইছি, এই মানুষগুলোকে কুকুরের সঙ্গে তুলনা করার জন্য।” এরপর অত্যন্ত দায়সারাভাবে ঘরের সদস্যদের তিনি বলেন, “ও হ্যাঁ, তোমাদেরও সরি।” দুর্নিবারের এই ব্যঙ্গাত্মক অথচ শ্লেষাত্মক ক্ষমা চাওয়ার ভঙ্গি ঘিরে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ তাঁর এই সাহসিকতার প্রশংসা করেছেন, আবার কেউ সমালোচনায় মুখর হয়েছেন।

উল্লেখ্য, বিগ বস-এর ঘরে ঝিলম, দীপেন্দু ও সৃজলার সঙ্গে দুর্নিবারের রসায়ন বরাবরই চোখে পড়ার মতো। ঝিলমের সঙ্গে সুযোগ পেলেই গান তৈরিতে মগ্ন থাকেন তিনি। দর্শকদের একাংশের মতে, লম্বা রেসের ঘোড়া হিসেবেই খেলায় টিকে রয়েছেন দুর্নিবার। এখন দেখার এই জল শেষ পর্যন্ত কোন দিকেড়ায়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *