হাজার টাকার রুম ফ্রেশনার বাদ দিন! রান্নাঘরের জেদি আঁশটে গন্ধ দূর করার এই ঘরোয়া টোটকাগুলি জানেন কি?

রান্নাঘরে সারাদিন নানা রান্নার কাজে মাছ, মাংস ধোয়া বা পেঁয়াজ-রসুন কাটার জেরে এক ধরনের অস্বস্তিকর আঁশটে গন্ধ তৈরি হয়। বাজারচলতি দামি স্প্রে ব্যবহার করেও অনেক সময় এই সমস্যা মেটে না। তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি মেনে চললেই রান্নাঘর সবসময় সতেজ রাখা সম্ভব।
লেবুর ব্যবহার: মাছ বা মাংসের আঁশটে গন্ধ দূর করতে পাতিলেবু দারুণ কার্যকর। কয়েকটি লেবুর টুকরো ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা ওভেনে বেক করে নিন। এরপর ওভেনের দরজা কয়েক ঘণ্টা খোলা রাখলে স্যাঁতসেতে গন্ধ উধাও হয়ে যাবে। এছাড়া বাঁধাকপি বা মুলো সেদ্ধ করার সময় জলে এক টুকরো পাতিলেবু ফেলে দিলে বাজে গন্ধ ছড়াবে না।
মশলার সুবাস: এলাচ, দারচিনি ও তেজপাতা অল্প জলে ফুটিয়ে নিন। জল ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিলে সুগন্ধি ভাপ পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়বে এবং নিমেষেই দুর্গন্ধ দূর হবে।
ডাস্টবিন পরিষ্কার রাখা: শুকনো ও ভেজা ময়লা কখনো এক বাক্সে রাখা উচিত নয়। নিয়মিত পচে যাওয়া জিনিসগুলি বাইরে ফেলতে হবে। ডাস্টবিন খালি করার পর অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন। ময়লা ফেলার আগে বিনের তলায় বোরক্স পাউডার ছড়িয়ে গার্বেজ ব্যাগ ব্যবহার করা ভালো।
সিঙ্ক ও চিমনি পরিচর্যা: রাতে খাওয়ার পর এঁটো বাসন সিঙ্কে ফেলে না রেখে ধুয়ে ফেলা উচিত। রান্নার সময় নিয়ম করে এক্সহস্ট ফ্যান চালানো, প্রতি সপ্তাহে বাসন মাজার স্পঞ্জ বদলানো এবং চিমনিতে জমা তেল নিয়মিত পরিষ্কার করলে রান্নাঘর দুর্গন্ধমুক্ত থাকে। সিঙ্কের পাইপে গন্ধ হলে এক কাপ ভিনিগার ঢেলে দিতে পারেন।