সীমান্তপারে স্তব্ধ বাজার! ২০টির বেশি প্রতিমার অর্ডার বাতিল হতেই মাথায় হাত শিলিগুড়ির কারিগরদের

শরৎকালের আগমন মানেই উত্তরবঙ্গের শিলিগুড়ি কুমোরটুলিতে দিন-রাত এক করে প্রতিমা গড়ার ব্যস্ততা। কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা সেই চেনা ছন্দে এ বছর বড়সড় ধাক্কা লাগাল প্রকৃতি। প্রতি বছর ইন্দো-নেপাল পানিট্যাঙ্কি সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ নেপালে যে ২০টিরও বেশি দুর্গা প্রতিমা পাড়ি দিত, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এ বছর তার একটিরও অর্ডার আসেনি।

অতি সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, ধস ও বন্যায় সে দেশের যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থা পুরোপুরি বিপর্যস্ত। যার জেরে ধাক্কা খেয়েছে ওপার বাংলার পুজোও। প্রতি বছর নেপালের বিভিন্ন পুজো উদ্যোক্তারা কয়েক মাস আগে থেকেই শিলিগুড়ির মৃৎশিল্পীদের কাছে এসে প্রতিমা বায়না করে যেতেন। কিন্তু এ বছর সেই বাজার সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ায় মনমরা কুমোরটুলির শিল্পীরা।

এ বিষয়ে শিল্পী দীপক পাল আক্ষেপ প্রকাশ করে জানান, “প্রতি বছর এই সময়ে আমাদের দম ফেলার ফুরসত থাকে না। গড়ে অন্তত ২০টি প্রতিমা নেপালে যেত। কিন্তু এ বছর নেপালের প্রাকৃতিক বিপর্যয় ও অর্থনৈতিক অবস্থার কারণে একটাও অর্ডার আসেনি। ফলে আমাদের আর্থিক লাভের জায়গাটাও মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ল।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *