প্রিজন ভ্যানে অগ্নিশর্মা ঐশী, রাস্তায় লুটিয়ে পড়লেন সৃজন! রাজধানীতে বামেদের মিছিলে লঙ্কাকাণ্ড

সিজেপি-র প্রতিবাদ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী দিল্লি আচমকা রণক্ষেত্রের রূপ নিয়েছে। যন্তরমন্তরের উদ্দেশে যাওয়ার পথেই সিপিআইএম এবং বামেদের হেভিওয়েট তরুণ ব্রিগেডকে আটকে দিল দিল্লি পুলিশ। যন্তরমন্তরে পৌঁছনোর আগেই রাজপথে পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, ঐশী ঘোষ এবং সুজন চক্রবর্তীর মতো প্রবীণ ও তরুণ বাম নেতারা। পরিস্থিতির অবনতি হতেই মীনাক্ষী, সৃজনসহ বহু বাম নেতা-কর্মীকে পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

জানা গিয়েছে, সিজেপি-র ডাকা এই প্রতিবাদ মিছিলে শামিল হতে আগেই দিল্লিতে পৌঁছান বাম নেতৃত্ব ও এসএফআইয়ের প্রতিনিধিরা। শনিবার সকালে যন্তরমন্তরের দিকে মিছিল এগোতেই ব্যারিকেড দিয়ে পথ আটকায় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও তুমুল বচসা শুরু হয়। এই টানাপোড়েনের মাঝে রাস্তায় পড়ে যান সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। অন্যদিকে প্রিজন ভ্যানে তোলার সময় ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় ছাত্রনেত্রী ঐশী ঘোষকে।

শুধু তরুণ ব্রিগেডই নয়, এই আন্দোলনের জল গড়াতেই পুলিশ আটক করেছে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, বর্ষীয়ান নেত্রী বৃন্দা কারাট এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় শতাধিক বাম কর্মী-সমর্থককে আটক করেছে দিল্লি পুলিশ। পুরো এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই গণ-আটকের খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক তরজা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *