নৌবাহিনীতে আসছে নতুন পরাক্রম! মাত্র ৫ মাসের কম সময়ে ফের যুদ্ধজাহাজ লঞ্চ করল জিআরএসই

ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক শক্তি আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল কলকাতার স্বনামধন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)। সংস্থার উদ্যোগে জলে ভাসানো হলো আরও একটি অত্যাধুনিক নেক্সট জেনারেশন অফশোর প্যাট্রোল ভেসেল বা যুদ্ধজাহাজ ‘শ্রেয়স’। এর আগে গত মে মাসে প্রথম জাহাজ ‘সংঘমিত্রা’ এবং অগাস্টে দ্বিতীয় জাহাজ ‘শ্রুতি’-র লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ, পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে পরপর তিনটি যুদ্ধজাহাজ তৈরি করে এক বিরাট রেকর্ড গড়ল জিআরএসই।

এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রণতরীটি জলে নামানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় নৌসেনার ভাইস চিফ অ্যাডমিরাল অজয় কোচর এবং তাঁর পত্নী রেম্যান কোচর। বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রথাগত রীতিনীতি মেনে জাহাজটির জলাভতরণ সম্পন্ন হয়। সংস্কৃত শব্দ ‘শ্রেয়স’-এর প্রকৃত অর্থ শুভ বা কল্যাণের পথ, যা এই জাহাজের নামকরণের মধ্য দিয়েও প্রতিফলিত হয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধজাহাজটি সমুদ্রের সুরক্ষা ও নজরদারির ক্ষেত্রে এক বিশাল ভূমিকা পালন করবে। প্রায় ৩ হাজার টন ওজনের এবং ১১৩ মিটার দীর্ঘ এই জাহাজ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ নট গতিতে ছুটতে সক্ষম। উপকূল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা রক্ষা, জলদস্যু দমন, অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজ এবং মানবিক সহায়তার কাজেও এটি ব্যবহার করা হবে। ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অধীনে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরীটি ভারতীয় নৌসেনার শক্তি বৃদ্ধি করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *