ইলিশের দিন শেষ? পুজোয় পাতে রাখুন ভিন্ন স্বাদের ‘পমফ্রেটের বেগুন বাহার’, রইল দারুণ রেসিপি!

বাঙালির যে কোনো উৎসব মানেই পাতে ইলিশের নানা পদ কিংবা সনাতনী বাঙালি রান্নার ছড়াছড়ি। ইলিশের পাতলা ঝোল বা সর্ষে-পোস্ত দিয়ে ইলিশ তো হামেশাই খাওয়া হয়। তবে চলতি পুজোয় ট্র্যাডিশনাল রান্নার গণ্ডি পেরিয়ে একটু অন্যরকম স্বাদ খুঁজতে চাইলে রসনাবিলাসে দারুণ চমক আনতে পারে ‘পমফ্রেটের বেগুন বাহার’। খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় সুস্বাদু এই পদটি। একনজরে দেখে নিন রেসিপি।

পমফ্রেট বেগুন বাহারের প্রয়োজনীয় উপকরণ:

পমফ্রেট মাছ: ৪টি

বেগুন: ২টি

পেঁয়াজ কুচি: ২টি

টমেটো কুচি: ২টি

আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা: ২টি

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

লঙ্কার গুঁড়ো: আধ চা চামচ

জিরে গুঁড়ো: ১ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো: পরিমাণমতো

ধনেপাতা কুচি

রান্নার জন্য সর্ষের তেল ও নুন

পমফ্রেট বেগুন বাহার তৈরির সহজ প্রণালী:
১. প্রথমে পমফ্রেট মাছগুলি ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিন। এরপর মাছগুলিতে পরিমাণমতো নুন ও হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
২. কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলি হালকা ভেজে তুলে আলাদা পাত্রে রেখে দিন।
৩. ওই তেলেই টুকরো করে কেটে রাখা বেগুনগুলি হালকা ভেজে তুলে নিন।
৪. এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি সোনালী করে ভেজে নিন। এরপর তাতে একে একে আদা-রসুন বাটা, টমেটো কুচি এবং সমস্ত গুঁড়ো মশলা (হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো) দিয়ে ভালো করে কষাতে থাকুন।
৫. মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য জল দিয়ে গ্রেভি তৈরি করুন। এরপর এর মধ্যে ভেজে রাখা বেগুন ও মাছগুলি ছেড়ে দিন।
৬. মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। শেষে কাঁচালঙ্কা চেরা, গরম মশলা গুঁড়ো এবং কুচানো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু ‘পমফ্রেটের বেগুন বাহার’। গরম ভাত বা ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ জমবে এই পদটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *