রাজধানীতে চরম আতঙ্ক! বিক্ষোভের জেরে রাজধানী, শতাব্দী সহ বাতিল একঝাঁক হাই-প্রোফাইল ট্রেন

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে প্রশাসন। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানী। এই বিক্ষোভের জেরে নতুন দিল্লি ও নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের আশেপাশে তীব্র যানজটের আশঙ্কায় আগেভাগেই একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল এবং বহু ট্রেনের সময়সূচী পরিবর্তন করেছে ভারতীয় রেলওয়ে।

কোন কোন ট্রেন বাতিল হয়েছে?
উত্তর রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ অক্টোবর দুপুর ২টোর পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা যে ট্রেনগুলি আজ, ১০ অক্টোবর ভোর ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে দিল্লি বা হযরত নিজামুদ্দিনে পৌঁছানোর কথা ছিল, সেগুলির বেশিরভাগই বাতিল করা হয়েছে। বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও হরিয়ানার সঙ্গে দিল্লির সংযোগকারী রুটগুলি এর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে।

বাতিল ও পরিবর্তিত ট্রেনের তালিকা:

রাজধানী ও শতাব্দী এক্সপ্রেস: হাওড়া–নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস (১২৩০১), শিয়ালদহ–নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস (১২৩১৩), রাজেন্দ্র নগর টার্মিনাল–নয়া দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস, মুম্বাই CSMT-হযরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেস (২২২২১) এবং কানপুর সেন্ট্রাল–নয়া দিল্লি শতাব্দী এক্সপ্রেস (১২০৩৩)।

অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেন: সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস (১২৩৯৩), অমৃত ভারত এক্সপ্রেস (২২৩৬১), প্রয়াগরাজ এক্সপ্রেস (১২৪১৭), শ্রম শক্তি এক্সপ্রেস (১২৪৫১) সহ আগ্রা, লখনউ, দেরাদুন ও হরিয়ানাগামী একাধিক ইন্টারসিটি ও লোকাল ট্রেন বা ইএমইউ পরিষেবা বাতিল করা হয়েছে।

সময়সূচী পরিবর্তন (রিসেডিউল): মুম্বাই সেন্ট্রাল–নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস (১২৯৫১) এবং মুম্বাই সেন্ট্রাল–হজরত নিজামুদ্দিন আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস (১২৯৫৩)-এর সময়সূচী ৫ ঘণ্টা করে পরিবর্তন করা হয়েছে।

দিল্লি-হরিয়ানা ও দিল্লি-রাজস্থান রুটের একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনও এই আংশিক বা সম্পূর্ণ বাতিলের তালিকায় রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *