২৪ ঘণ্টার ব্যবধানে জোড়া খুন! অ্যাপ ক্যাব হাইজ্যাক করতেই চালকদের ওপর যেভাবে নেমে এল খাস কলকাতার ত্রাস

২৪ ঘণ্টার মধ্যে জোড়া খুন! নৃশংস কায়দায় অ্যাপ ক্যাব চালকদের টার্গেট করার চাঞ্চল্যকর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। অ্যাপ ক্যাব ভাড়া করার অছিলায় গাড়ি ছিনতাই এবং চালকদের নির্মমভাবে খুন করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম খুনের ঘটনার তদন্তে নেমে ধৃতদের জেরা করেই দ্বিতীয় খুনের রহস্যের কিনারা করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট ও কলকাতা পুলিশ।

কীভাবে ঘটেছিল প্রথম খুন?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে অ্যাপ ক্যাব ভাড়া করার ছলে তিন আততায়ী চালকের পা বেঁধে শ্বাসরোধ করে খুন করে এবং গাড়িটি নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে মৃতদেহটি ডানকুনি এলাকায় দিল্লি রোড হাইওয়ের ধারে ফেলে দেওয়া হয়। ডানকুনি থানায় নিখোঁজ ও মৃতদেহ উদ্ধারের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। নানা তথ্য-প্রমাণ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বেনিয়াপুকুর থেকে ছিনতাই হওয়া ওই অ্যাপ ক্যাবটি উদ্ধার করা হয় এবং তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের জেরায় উঠে আসে হাড়হিম করা তথ্য। পুলিশ জানতে পারে, গাড়িটি হাইজ্যাক করার পর তা বিক্রির উদ্দেশ্যে বেনিয়াপুকুরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ নথি না থাকায় কেউ তা কিনতে রাজি হয়নি। এদিকে গাড়ির তেল ফুরিয়ে যাওয়ায় আততায়ীরা গাড়িটি বেনিয়াপুকুরেই ফেলে রেখে পালিয়ে যায়।

দ্বিতীয় খুনের পর্দাফাঁস:
ডানকুনিতে ক্যাব চালক খুনের ঘটনায় ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হতেই বেরিয়ে আসে আরও বড় তথ্য। জেরার মুখে অভিযুক্তরা স্বীকার করে, একই কায়দায় মঙ্গলবার মাঝরাতেও এন্টালি এলাকায় আরও এক অ্যাপ ক্যাব চালককে খুন করেছে তারা। গাড়ি হাইজ্যাকের উদ্দেশ্যেই এই জোড়া খুন করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে গোটা বিষয়টি কলকাতা পুলিশকে জানানো হয়েছে। পরপর দুই ক্যাব চালক খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা পরিবহন মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *