বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে ধেয়ে আসছে নিম্নচাপ, সপ্তমী-অষ্টমীতে কোন কোন জেলায় ভাসবে?

বর্ষা বিদায়ের পালা শুরু হলেও পুজো প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে ফের চোখ রাঙাচ্ছে আবহাওয়া। রাজ্য থেকে বৃষ্টি প্রায় বিদায় নেওয়ার জোগাড় হলেও, পুজোর কদিন আবহাওয়া কেমন থাকবে—তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এরমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের ভ্রূকুটি তৈরি হয়েছে, যা পুজো প্যান্ডেল হপারদের কপালে চিন্তার ঘাম ঝরাচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর, থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি আগামী ১১ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে প্রবেশ করতে পারে। যার জেরে ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। যদিও সাধারণত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সরাসরি প্রভাব বাংলায় পড়ে না, তবুও পুজোয় একেবারে বৃষ্টি হবে না, এমন গ্যারান্টি দিতে পারছেন না আবহাওয়াবিদরা।
পুজোয় কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুজোর শুরুর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
-
ষষ্ঠী ও প্রথমা সপ্তমী: কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
-
দ্বিতীয় সপ্তমী ও অষ্টমী: এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে।
-
নবমী ও দশমী: আশার আলো দেখিয়ে নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের কোথাওই বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে পুরো পুজোতেই আবহাওয়া মূলত শুষ্ক ও মনোরম থাকবে বলে জানানো হয়েছে।
আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া? আজ দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলার দু-এক জায়গায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি (IMD)। মহালয়ার রেশ কাটতে না কাটতেই আবহাওয়ার এই ভোলবদল পুজোর কেনাকাটা ও ঘোরাঘুরিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার!