ভোররাতের মেগা অপারেশন! ভাগলপুর থেকে বংশীহারীর যুবকের গ্রেফতারিতে চাঞ্চল্য, নেপথ্যে কোন বড় রহস্য?

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (JMB)-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে বিহারের ভাগলপুর থেকে এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ধৃত ওই যুবকের নাম মজিবুর রহমান, বাড়ি জেলার বংশীহারী থানার কুশকারি এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে এবং বর্তমানে এনআইএ (NIA)-র হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বংশীহারীর কুশকারি এলাকায় মজিবুরের বাড়িতে আচমকাই হানা দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র একটি দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে এবং পরিবারের সদস্যদের জেরা করেও সেই সময় মজিবুরের কোনো সন্ধান পায়নি কেন্দ্রীয় গোয়েন্দারা। ফলে সেই দফায় খালি হাতেই ফিরে যেতে হয়েছিল এনআইএ দলকে।

তবে ঘটনার পর থেকেই হাত গুটিয়ে বসে থাকেননি তদন্তকারীরা। মজিবুরের খোঁজে তৎপর হয়ে ওঠে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশও। এরপর বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক (SDPO) শুভতোষ সরকারের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল সোজা বিহারের ভাগলপুরে হানা দেয়। সেখানে একটি গোপন আস্তানা থেকে মজিবুরকে পাকড়াও করা হয়। রাতেই তাকে বংশীহারী থানায় ফিরিয়ে আনা হয়। ইতিমধ্যেই গোটা বিষয়টি জাতীয় তদন্তকারী সংস্থাকে জানানো হয়েছে। এনআইএর গোয়েন্দারা বংশীহারীতে পৌঁছানোর পর ধৃতকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে। এই জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে শীঘ্রই জেরা শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *