“আমি প্রমিস করছি, উই উইল ডু ইট…!” আরজি করের মঞ্চ থেকে অভয়া কাণ্ড নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

তিলোত্তমা বা অভয়াকাণ্ড নিয়ে ফের একবার উত্তাল রাজ্য রাজনীতি। শুক্রবার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) চিকিৎসক ও পডুয়াদের সংগঠন মেডেভিশনের নবম জাতীয় ছাত্র সম্মেলনে যোগ দিয়ে অভয়ার হত্যা তদন্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের এই মঞ্চে উপস্থিত ছিলেন অভয়ার মা রত্না দেবনাথও। অভয়ার মায়ের পাশে দাঁড়িয়েই পূর্বতন সরকার ও তৎকালীন পুলিশ মন্ত্রীকে চরম কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

তদন্ত ও দুর্নীতির প্রসঙ্গে বিস্ফোরক দাবি:
অনুষ্ঠানে মামলার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান যে, প্রথম দিন থেকেই তিনি অভয়ার পরিবারের সঙ্গে রয়েছেন এবং রত্না দেবনাথকে তিনি প্রণাম জানান। পরিবারের অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে। দুটি মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, একদিকে যেমন তাঁদের বোনের ওপর চলা নির্মম অত্যাচারের মামলা রয়েছে, অন্যদিকে রয়েছে তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডবের মামলা।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর দিকে আঙুল তুলে শুভেন্দু বলেন, “এইগুলো সব এক্স চিফ মিনিস্টার ও এক্স পুলিশ মিনিস্টারের ইশারায় হয়েছে। আরজি করে একটি চক্র দুর্নীতি চালাতো।” তিনি আরও জানান যে, সরকার ক্ষমতায় আসার পরেই তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত চিকিৎসকদের লাইসেন্স বাতিল করা হয়েছে। পরিবারের অনুমতি ছাড়াই শ্মশানে দেহ দাহ করার অভিযোগ তুলে শেখর দেবনাথের করা এফআইআরের ভিত্তিতে নির্মল ঘোষ-সহ তিনজনকে গ্রেফতার করার কথাও তিনি উল্লেখ করেন। তাঁর সাফ কথা, “আইন ও বিচার ব্যবস্থার মধ্যে থেকেই আমরা চেষ্টা করছি। অভয়াকাণ্ডে আমি প্রমিস করছি— উই উইল ডু ইট।”

মুখ্যমন্ত্রীর সামনেই বিচার চেয়ে সোচ্চার অভয়ার মা:
এদিনের এই সংবেদনশীল মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রত্না দেবনাথ বলেন, “সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল, সেটা মুখ্যমন্ত্রীকে দিয়েছি। মেডিকেল কাউন্সিলের যাঁরা ছিলেন, তাঁরা এখনও রয়েছে। আজ আমার মেয়ের বিচার যদি হয়, তবে স্বাস্থ্য দফতরের দুর্নীতি বন্ধ হয়ে যাবে।” তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে যে পুলিশকর্মীরা কাজ করেছিল, তাদের না সরালে যে কিছুই হবে না— তাও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশে বসে স্বাস্থ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে অভয়ার মায়ের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *