কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষার মাঝেই বাম্পার উপহার! সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দিল এই রাজ্য

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষার মধ্যেই বড়সড় স্বস্তির খবর শোনাল তেলঙ্গনা সরকার। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য দুটি বকেয়া মহার্ঘ ভাতা বা DA কিস্তি একযোগে অনুমোদন করা হয়েছে। এর ফলে সব মিলিয়ে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে ৬.৩৭ শতাংশ পয়েন্ট। রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি রাজ্যের লক্ষাধিক কর্মী ও পেনশনভোগী।
বেতন ও বকেয়া মেটানোর নতুন নিয়ম:
-
বর্ধিত বেতন: সরকারের ঘোষণা অনুযায়ী, বর্ধিত ডিএ-সহ চলতি বছরের অক্টোবর মাসের বেতন ও পেনশন আগামী ১ নভেম্বর সংশ্লিষ্ট কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে।
-
ডিএ বৃদ্ধি: ২০২০ সালের পে স্কেলের আওতাভুক্ত কর্মীদের ডিএ ৩৩.৬৭ শতাংশ থেকে প্রথমে ৩৭.৩১ শতাংশ এবং পরবর্তীতে জুলাই ২০২৪ থেকে তা বাড়িয়ে ৪০.০৪ শতাংশ করা হয়েছে। এছাড়া ২০১৬ এবং ২০০৬ পে স্কেলের কর্মীদের ক্ষেত্রেও ডিএ-এর হার উল্লেখযোগ্যভাবে সংশোধিত হয়েছে।
-
বকেয়া মেটানোর কিস্তি: দীর্ঘদিনের বকেয়া টাকা একসঙ্গে নয়, বরং নির্দিষ্ট কিস্তিতে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানুয়ারি ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রথম কিস্তির বকেয়া ৩৩টি সমান কিস্তিতে এবং জুলাই ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দ্বিতীয় কিস্তির বকেয়া ২৭টি কিস্তিতে দেওয়া হবে।
-
কোথায় জমা হবে বকেয়া অর্থ? সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই বকেয়া সমস্ত টাকা সরাসরি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে জমা করা হবে।
ডিএ-র এই দুটি কিস্তি অনুমোদনের ফলে তেলঙ্গনা সরকারের রাজকোষে প্রতি বছর অতিরিক্ত প্রায় ৩,০৫৭ কোটি টাকার আর্থিক বোঝা বাড়বে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উৎসবে মেতে ওঠার আগে রাজ্য সরকারের এই ঘোষণায় কর্মী মহলে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।