আকাশ থেকে নামল বরফের পাহাড়! শিলাবৃষ্টির তান্ডবে নিমেষে স্তব্ধ হয়ে গেল রাজধানী

আকাশ থেকে জলের বদলে ঝরছে আস্ত বরফের টুকরো! প্রকৃতির এমন অস্বাভাবিক ও ভয়ংকর রূপ দেখে রীতিমতো থমকে গেছে বিশ্ব। ইকুয়েডরের রাজধানী কুইটো শহরে সম্প্রতি নেমে আসা এক প্রবল শিলাবৃষ্টির জেরে গোটা শহর কার্যত বরফের রাজ্যে পরিণত হয়েছে।
মুহূর্তেই বরফে ঢাকল রাজপথ
প্রাপ্ত খবর অনুযায়ী, গত বুধবার বিকেলে হঠাৎ করেই কুইটোর বিভিন্ন এলাকায় তীব্র বজ্রপাত ও প্রবল ঝড় শুরু হয়। এর পরেই আকাশ থেকে মুহুর্মুহু নামতে থাকে বিশাল আকারের শিলা বা বরফের টুকরো। কয়েক সেকেন্ডের মধ্যেই শহরের রাস্তাঘাট, ফুটপাত এবং ঘরবাড়ির চত্বর পুরু বরফের আস্তরণে ঢাকা পড়ে যায়। কোথাও কোথাও বরফের স্তর ৬০ থেকে ৮০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে যায়।
স্তব্ধ যান চলাচল, ব্যাহত জনজীবন
প্রচণ্ড পরিমাণ বরফ জমে যাওয়ার কারণে কুইটোর প্রধান সড়ক এবং আন্ডারপাসগুলো সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। একাধিক গাড়ি বরফের স্তূপে আটকে যায় এবং যান চলাচল পুরোপুরি থমকে যায়। পরিস্থিতি সামাল দিতে এবং রাস্তা থেকে বরফের চাঁই সরাতে দমকল ও পুরসভার কর্মীদের দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে বেগ পেতে হয়। তাছাড়া ঝড়ের তাণ্ডবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ ভেঙে পড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আকস্মিক তাপমাত্রার পরিবর্তন এবং বিশাল মেঘের স্তরের কারণেই এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশকে।