‘গত ১৫ বছরের সব নোংরামি সাফ করব!’ ডুয়ার্সের জঙ্গলে দাঁড়িয়ে তোলপাড় ফেলা বার্তা মিঠুনের, কাঁপল রাজ্য রাজনীতি

উত্তরবঙ্গের পর্যটন মানচিত্র নতুন রূপ দেওয়ার বড় মিশন নিয়ে এবার ময়দানে নামলেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। আলিপুরদুয়ার জেলাকে কেন্দ্র করে পর্যটনের সম্ভাবনা খতিয়ে দেখতে এবং পরিকাঠামোগত পরিবর্তনের খোঁজে নিজেই সরজমিনে ডুয়ার্সের জঙ্গল ও পর্যটনকেন্দ্রগুলি চষে ফেললেন ‘মহাগুরু’।
হাসিমারা থেকে ভুটানঘাট: জঙ্গল সাফারিতে উপদেষ্টা মিঠুন
বুধবার রাতে হাসিমারার কাছে মালঙ্গি লজে রাত্রিবাস করার পর বৃহস্পতিবার সকাল থেকেই অ্যাকশন মোডে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। কুমারগ্রাম ব্লকের নয়নাভিরাম ভুটানঘাট এলাকায় পৌঁছে নিজেই করেন জঙ্গল সাফারি। সেখানে পর্যটন পরিকাঠামো ও বনভিত্তিক পর্যটন উন্নয়নের সম্ভাবনা নিয়ে বনদফতরের শীর্ষ আধিকারিক এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
ভুটানঘাটের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মহাগুরু বলেন, “এই এলাকা ঘুরে গেলাম, ভীষণ সুন্দর জায়গা।”
আদিবাসীদের বড় প্রতিশ্রুতি ও কড়া রাজনৈতিক বার্তা
ভুটানঘাট ঘুরে তিনি সোজা চলে যান কালচিনি ব্লকের পোরো পর্যটন কেন্দ্রে। সেখানে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের মুখোমুখি হয়ে অভয় বার্তা দিয়ে বলেন, “যা যা চাই জানাবেন, সব ব্যবস্থা করা হবে।”
তবে কেবল পর্যটনের নতুন ঠিকানা খোঁজা নয়, প্রশাসনিক ও রাজনৈতিক ইস্যুতেও বিস্ফোরক মন্তব্য করেন তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা। বিগত সময়কালের দিকে ইঙ্গিত করে তিনি স্পষ্ট জানান, “গত ১৫ বছরে আগের সরকারের আমলে যা যা নোংরামো হয়েছে, তা পরিষ্কার করাই আমাদের প্রথম লক্ষ্য।”
আলিপুরদুয়ারকে একটি বিশ্বমানের পর্যটন হাব হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগ এবং তার মাঝে মহাগুরুর এই ঝোড়ো সফর উত্তরবঙ্গের রাজ্য রাজনীতি ও পর্যটন শিল্পে নতুন চাঞ্চল্য তৈরি করেছে।