উত্তাল দিল্লি! এসআইআর (SIR) বিক্ষোভের মাঝেই বাড়ানো হলো মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরাপত্তা

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা এসআইআর (SIR)-কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। বিরোধী দলগুলির লাগাতার বিক্ষোভ ও আন্দোলনের জেরে এবার মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের ব্যক্তিগত নিরাপত্তা এবং অফিস চত্বরের সুরক্ষা আরও জোরদার করা হলো।
সরকারি সূত্রে জানা গেছে, আগে থেকেই জেড প্লাস (Z+) নিরাপত্তা পেলেও বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাঁর দিল্লির বাসভবন ও নির্বাচন কমিশনের সদর দফতরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। নির্বাচন সদন এবং সিইসি-র ব্যক্তিগত নিরাপত্তায় অতিরিক্ত কর্মী মোতায়েনের পাশাপাশি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (CAPF) উপস্থিতি বাড়ানো হয়েছে। রাজধানীতে চলা এই আন্দোলনের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে রাহুল গান্ধীর মতো বিরোধী সাংসদ ও নেতারা গত কয়েক দিন ধরেই রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। এমনকি নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতেও সোচ্চার হয়েছে বিরোধী শিবির। এই চরম রাজনৈতিক চাপানউতোর ও উত্তেজনার আবহে প্রশাসন কোনো রকম ঝুঁকি নিতে নারাজ, তাই এই কড়া পদক্ষেপ।