বক্স অফিসে সুনামি তুলল অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’! মুক্তির কদিনেই আয় ছাড়াল ৩৬৬ কোটি?

বলিউড বক্স অফিসে ফের একবার বিজয় কেতন ওড়াল বিজয় সলগাঁওকরের পরিবার। বহু প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দুর্দান্ত সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত থ্রিলার ড্রামা ‘দৃশ্যম ৩’ (দৃশ্যম দ্য কনক্লুশন)। ছবিটির বিশ্বজোড়া কালেকশন এবং রিভিউ দেখে রীতিমতো চমকে গেছেন বাণিজ্য বিশ্লেষকরা।
মালয়ালম সুপারস্টার মোহনলালের ছবির হিন্দি রিমেক হলেও এই ছবি মুক্তির চার মাসের মাথায় বলিউডে এসে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। শুধু ভারতে নয়, গ্লোবাল বক্স অফিসে ইতিমধ্যেই ছবিটি ৩৬৬.৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ছবিটিকে পাঁচে সাড়ে চার রেটিং দিয়ে নিশ্চিত ব্লকবাস্টার হিসেবে ঘোষণা করেছেন।
ছবিটির গল্প, পরিচালনা এবং নিখুঁত ক্লাইম্যাক্স দর্শকদের এতটাই মুগ্ধ করেছে যে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে অজয় দেবগনের পাশাপাশি জয়দীপ আহলাওয়াতের শক্তিশালী অভিনয় এবং টানটান চিত্রনাট্য ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। পরিচালক অভিষেক পাঠকের এই মুভি নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকরাও বেশ উচ্ছ্বসিত। দর্শকদের অনেকেরই মত, মালয়ালম সংস্করণের থেকেও এর হিন্দি রূপায়ন অনেক বেশি জমজমাট ও রোমাঞ্চকর হয়েছে। সবমিলিয়ে বক্স অফিসে এই মুহূর্তে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ‘দৃশ্যম ৩’।