‘পাসওয়ার্ডটা দেবেন প্লিজ?’ চুরি করা আইফোন আনলক করতে না পেরে মালিককেই চোরের সরাসরি মেসেজ!

দামি আইফোন চুরি হয়ে গেলে তা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দেন যে কেউ। কিন্তু চুরি হওয়া সেই আইফোনের চোরই যদি এক মাস পর খোদ ফোনটির মালিককে মেসেজ করে পাসওয়ার্ড দাবি করে, তবে কেমন লাগবে? ঠিক এমনই এক অদ্ভুত ও তাজ্জব করা ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে। চোরের চরম দুঃসাহস ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবার সোচ্চার হয়েছেন ভুক্তভোগী পরিবার।

ঠিক কী ঘটেছিল?

ঘটনাটি দেরাদুনের ক্লেমেন্ট টাউনের সানশাইন এনক্লেভ এলাকার। স্থানীয় বাসিন্দা কৌশিকী ধ্যানী জানান, গত ১২ সেপ্টেম্বর সকালে তাঁর ভাই সক্ষম ধ্যানী ঘরে আইফোনটি শেষবার ব্যবহার করেছিলেন। সকাল পৌনে ৯টা নাগাদ দেখা যায় ঘর থেকে আইফোনটি উধাও!

সন্দেহ হওয়ায় বাড়ির সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করতেই দেখা যায়, খোলা দরজার সুযোগ নিয়ে দুজন সন্দেহভাজন ব্যক্তি তাঁদের বাড়ির কাছ থেকে চম্পট দিচ্ছে। এই ঘটনার পরদিন, অর্থাৎ ১৩ সেপ্টেম্বরই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে সক্ষমের পরিবার।

আনলক করতে না পেরে মালিককে চোরের মেসেজ!

ঘটনার টুইস্ট শুরু হয় এর ঠিক এক মাস পর। ফোন হারিয়ে মনখারাপ করে বসে থাকা পরিবারটিকে চমকে দিয়ে মোবাইল মালিকের কাছে মেসেজ আসতে শুরু করে! ওপাশ থেকে চোর সরাসরি মেসেজ পাঠিয়ে আবদার করে—আইফোনের পাসওয়ার্ড বা পিন কোডটি যেন তাকে দিয়ে দেওয়া হয়!

আইফোনের কড়া সিকিউরিটি ফিচার ভেঙে ফোনটি ব্যবহার করতে না পেরেই যে চোর এই অভিনব কায়দায় মেসেজ পাঠাচ্ছ, তা বুঝতে এক মুহূর্তও দেরি হয়নি পরিবারের।

পুলিশের গাফিলতির অভিযোগ ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

আইফোন আনলক করতে চাওয়া চোরের সেই মেসেজের স্ক্রিনশট, সিসিটিভি ফুটেজ ও সন্দেহভাজনদের ছবি সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেয় ভুক্তভোগী পরিবার। কিন্তু তাঁদের অভিযোগ, এত স্পষ্ট তথ্যপ্রমাণ দেওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

কৌশিকী ধ্যানী ক্ষোভ প্রকাশ করে জানান, রাত ১০টার দিকে চোরের পাসওয়ার্ড চেয়ে পাঠানো মেসেজের স্ক্রিনশট নিয়ে তিনি থানায় গেলেও পুলিশ আধিকারিকরা তাঁকে পরদিন সকালে আসতে বলেন। পুলিশের এমন গাফিলতি ও উদাসীনতা দেখে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে পুরো ঘটনাটি সামনে আনেন তিনি, যা এই মুহূর্তে ব্যাপক ভাইরাল।

কী বলছে পুলিশ?

অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিটি পুলিশ সুপার শেখর সুয়াল জানিয়েছেন, মোবাইলটি হারিয়ে যাওয়ার দিন থেকেই ডেটাবেসে নথিভুক্ত করা হয়েছিল। সংশ্লিষ্ট সার্কেল অফিসারকে দ্রুত সিসিটিভি ফুটেজ ও চোরের পাঠানো মেসেজের নম্বরটি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে নিজেদের শখের আইফোনটি ফিরে পাওয়ার আশায় দিন গুনছে দেরাদুনের ওই পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *