মাত্র ১৫ বছর বয়সেই বৈভবকে নিয়ে এত মাতামাতি কেন? বিস্ফোরক মন্তব্য করে সর্তক করলেন কপিল দেব!

ক্রিকেট বিশ্বে পা রাখার পর থেকেই বয়সভিত্তিক ক্রিকেটে একের পর এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা করে নেওয়া এই তরুণ তুর্কি টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেকের পর থেকে নিজের প্রতিভার ঝলকও দেখিয়েছেন। তবে বৈভব কি আগামীর বিশ্ব ক্রিকেটের পরবর্তী বড় সুপারস্টার হয়ে উঠতে পারবেন? এই প্রশ্নের উত্তরে কিছুটা সংযত ও সাবধানী বার্তা দিলেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তাঁর মতে, বৈভবের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো করে মন্তব্য করা ঠিক হবে না।

বৈভবের প্রশংসার পাশাপাশি সতর্কবার্তাও দিয়ে কপিল দেব বলেন, “এখনই কিছু বলার সময় আসেনি। ওর কি সেই সম্ভাবনা আছে? হ্যাঁ। কিন্তু ক্রিকেটে এমন অনেক খেলোয়াড় এসেছেন যারা অসাধারণ প্রতিভা নিয়ে এসে পরে হারিয়ে গেছেন।” এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে প্রাক্তন ভারতীয় ব্যাটার বিনোদ কাম্বলির নাম টেনে কপিল বোঝাতে চান যে, শুরুর দিকে অবিশ্বাস্য প্রতিভা থাকা সত্ত্বেও অনেকের কেরিয়ারই শেষ পর্যন্ত প্রত্যাশিত উচ্চতায় পৌঁছয়নি।

তরুণ ক্রিকেটারের বয়স এবং আগামী দিনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কপিল আরও বলেন, “বৈভবের বয়স মাত্র ১৫ বছর। ওকে আরও তিন বছর সময় দিন, তারপর আমরা কথা বলব। যখন ওর জীবনযাত্রায় পরিবর্তন আসবে, তখন ওর চিন্তাভাবনাতেও পরিবর্তন আসবে। তখন আমরা জানতে পারব আগামী দুই বছরে ওকে কেমন দেখাবে। ওর পারফরম্যান্স দেখার চেয়ে এটাই বেশি গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, বর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলে তৃতীয় ওপেনার হিসেবে সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। দলে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা নিয়মিত ওপেনার হওয়ায় মূলত তাঁদের বিশ্রাম দেওয়া হলেই একাদশে সুযোগ মেলে বৈভবের। তবে সীমিত সুযোগের সদ্ব্যবহার করতে তিনি বিন্দুমাত্র ভুল করেননি। কেরিয়ারের প্রথম ৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩০.৭৫ গড়ে ২৪৬ রান করেছেন বৈভব, যার মধ্যে রয়েছে দুটি দুর্দান্ত অর্ধশতক। সবচেয়ে বড় কথা, তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৮৬-এরও বেশি। প্রতিভার দ্যুতি ছড়ালেও কপিল দেবের মতো কিংবদন্তির এই সতর্কবাণী যে বৈভবের কেরিয়ারের আগামী দিনগুলির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *