গেটে লেখা ‘চোর-গদ্দার’, বিক্ষোভের জেরে জ্ঞানেশ কুমারের বাড়ি শুদ্ধ করতে বসল সুন্দরকাণ্ড পাঠ ও পুজোর আসর!

মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজনৈতিক অঙ্গনে প্রতিবাদের ঝড় বইছে। সম্প্রতি তাঁর বাড়ির বাইরে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ এবং মূল ফটকে আপত্তিকর স্লোগান লেখার ঘটনার পর এবার চাঞ্চল্যকর পদক্ষেপ করল সিইসি-র পরিবার। মঙ্গলবার উত্তরপ্রদেশের আগ্রায় জ্ঞানেশ কুমারের পৈতৃক বাসভবনে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান সম্পন্ন হলো। এর পাশাপাশি বাড়িতে ‘সুন্দরকাণ্ড’ পাঠ ও বিশেষ পুজো অর্চনারও আয়োজন করা হয়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় একটি মন্দির থেকে গঙ্গাজল ভর্তি ‘কলশ যাত্রা’ নিয়ে এসে ওই ধর্মীয় আচার পালন করা হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বরের বিক্ষোভের সময় জ্ঞানেশ কুমারের বাড়ির দরজায় ‘চোর’, ‘গদ্দার’ ইত্যাদি কুরুচিকর কথা লিখে বিক্ষোভ দেখানো হয়েছিল। অত্যন্ত খারাপ ভাষা ব্যবহার করায় সিইসি-র বিরুদ্ধে প্রতিবাদের সুর আরও চড়েছে।

এই পরিস্থিতিতে ক্ষোভপ্রকাশ করে জ্ঞানেশ কুমারের মা সত্যবতী গুপ্তা জানান, ওই বিক্ষোভের পর থেকে পৈতৃক বাড়ির পরিবেশ অত্যন্ত কলুষিত ও নোংরা হয়ে পড়েছিল। তাই শান্তি ও পবিত্রতা ফেরাতেই মন্দির থেকে গঙ্গাজল এনে সুন্দরকাণ্ড পাঠের মাধ্যমে বাড়িটি শুদ্ধ করা হয়েছে। রাজনৈতিক উত্তাপের মাঝেই সিইসি-র বাড়ি ঘিরে এই শুদ্ধিকরণ অনুষ্ঠান নতুন করে শোরগোল ফেলে দিয়েছে বিভিন্ন মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *